নতুন সময় আসে। নতুন স্বপ্নও আসে। আসে নতুন দিন। যদিও সময় সবসময় নতুন। তবু নতুন বছর বলে কথা! নতুন আনন্দ বলে কথা।
নতুন বছর আসে মানে একটি বছর জীবন থেকে ঝরে পড়া। শেষ হয়ে যাওয়া। পেছনে তাকালেই বোঝা যাই। আহা এই তো মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া আরো এক ধাপ।
হেমন্ত মুখার্জির সেই গানটি পছন্দ। যখন তরুণ, বেশ ক’টি গান কণ্ঠস্থ, সারা দিন ধরেই গাইতাম। তার একটি : ‘অরূপ তোমার বাণী’। যারা ইতিহাস পাঠের বন্ধু আমার নাম দিলো : ‘অরূপ তোমার বাণী’। এ দিকে বন্ধুবান্ধবদের সাহিত্য বাসরে গান গাইতে বলতেই ধরতাম : ‘শুধু তোমার বাণী, নয়গো বন্ধু, হে প্রিয়’। সেখানে আমার নাম হলো : ‘শুধু তোমার বাণী’। এখন অখণ্ড অবসর। বই লিখলাম ক’খানি। বিক্রিবাটা ভালো। অনায়াসে একটি ইলিশ মাছ জুটে যায়, তা দিয়ে মধ্যাহ্ন ও রাত্রির ভোজ। জীবন স্বাচ্ছন্দ্য গতিতে এগিয়ে চলেছে নতুন নতুন ভোরের পানে। নতুন দিনের পানে। নতুন বছরের পানে।
গ্রামবাংলা এখনো এত সুন্দর ও সবুজ যে এর তুলনা পৃথিবীর কোথাও খুঁজে পাইনি। সবচেয়ে সুন্দর দেশ আমাদের এই বাংলাদেশ। শুধু একটু মনটাকে সুন্দর দিকে প্রবাহিত করলেই নতুন মানুষে পরিণত হই। অনেকে ভালোবাসা জানায় এই অধমকে, পিতার কারণে, মাতার কারণে, ভগ্নির কারণে, স্ত্রীর কারণে, ভাইয়ের কারণে, কন্যাদের কারণে। গান শুনতে চায়, কথা বলতে চায়। গত পরশু একজন বয়স্ক মহিলা বললেন যে আপনাকে দেখলে মনে হয় যেন তারুণ্য স্থির হয়ে আছে। নিজের দিকে তাকালাম, তা তো নয়। এই তো বছর এলো। আবার ফিরে গেলো। চলে গেলো।
এখন চলে যাওয়ার দলে আমি। সব্যসাচী সৈয়দ শামসুল হক আশি, আবৃত্তি কণ্ঠ হাসান ইমাম ‘আসি’ ‘আসি’ করছি। মনে পড়ে ভাইকে সাথে নিয়ে যাই কবর জিয়ারতে পিতা ও মাতার। পাঁচ দিন পর আমাদের ছেড়ে চলে যান উনি। তিনজনের কবর জিয়ারত করি এখন। জীবনের ভরসা নেই। আমার আহ্বান সবার কাছে : আসুন, সবাই মিলে আজকের দিনটিকে সুন্দর করে তুলি। নিজে সুন্দর না হলে পরিবেশ সুন্দর হবে না, দেশ সুন্দর হবে না। রাজনীতি পথে বসিয়েছে আমাদেরকে। বাংলাদেশ এগিয়ে চলেছে তার নিজ গতিতে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষকে সাহায্য করা দরকার।
‘নয়া দিগন্ত’ দেখিয়েছে নতুন দিগন্ত। এ কাগজে নিঃসঙ্কোচে লিখি। বিশ্বাস পরিত্যাগ করব না, মরে গেলেও না। বিশ্বাস নিয়ে বেঁচে থাকব। যারা বিশ্বাস করে না, তারাও বেঁচে থাক। ওদের বই পড়ি না, কাগজ ছুঁই না। দেখা যাক, বুড়িগঙ্গার পানি কত দূর গড়ায়। ইতিহাসের ছাত্র, তাই ইতিহাসের পাঠের শেষে কী হয়, জানা আছে। সুন্দর আমাদের জন্য প্রতীক্ষিত, কারণ আমরা সুন্দরের প্রতীক্ষায়। সুন্দর চর্চা করা প্রয়োজন। সুন্দর চর্চায় না এলে মানুষ কীভাবে সুন্দর হবে। কীভাবে জীবন সুন্দর হবে। কথায় কাজে আচরণে এবং বিশ্বাসে সুন্দর হওয়া চাই। যারা সুন্দর কাজ করে তাদের সঙ্গী হওয়া চাই। সঙ্গী না হোক- সাহায্য করা চাই। সুন্দরকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। তবেই জীবন সুন্দর! নতুন বছরে এই হোক আমাদের প্রত্যয়। শুভ নববর্ষ।
