নতুন বছর নতুন বইয়ের
নতুন ভালোবাসা,
মনের মাঝে স্বপ্ন জাগে
জাগে নতুন আশা।

নতুন বইয়ের নতুন মলাট
নিত্য নতুন ছন্দ,
ভালো লাগে ভালোবাসি
নতুন বইয়ের গন্ধ।

মজার মজার ছড়ায় ভরা
নতুন বইয়ের পাতা,
গল্প লেখে ছড়া লেখে
ভারী করি খাতা।

বছর শেষে নতুন বইয়ের
প্রহর গুনতে থাকি,
মনের মাঝে নতুন বইয়ের
স্বপ্নগুলো আঁকি।