ঝিরঝির বাতাসে শীতের আগমন
কুয়াশার আবরণে ঢাকে সারাক্ষণ,
চার দিকে শীতলতা এনে দেয় চুম
উষ্ণতা পেলে আসে খানিকটা ঘুম।
সকালের পথে পথে আনাগোনা কম
ঊষা রবি ফিরে এলে ছাড়ে যেন দম,
ঘরে ঘরে পিঠাপুলি খুব আয়োজন
গুড় রসে ভাপাপিঠা ভরে যায় মন।
জমে ওঠে বিকেলের চিরচেনা মাঠ
রাতে ফের ফাঁকা হয় পথ আর ঘাট,
শীত ভয়ে পাখিরাও বসে থাকে চুপ
বরফের চাকা যেন খাল বিল কূপ।
কুয়াশার কোমলতা সবুজের ঘাসে
জোছনারা নীলিমায় খিলখিল হাসে,
চাঁদতারা মিতালির কী দারুণ মিল
চার দিকে শীতলতা করে কিলবিল।
