পুকুর পাড়ের দক্ষিণে ওই
গাছ রয়েছে দু’টি;
সে দুটো গাছ বন্ধু তাদের
গলায় গলায় জুটি।

নারিকেলের গাছটি তুমি
দেখতে কেমন ভাবো?
লম্বা গড়ন অনেক উঁচু
দুইটা আছে ডাবও!

সবুজ শরীর কলাগাছের
সবুজ সবুজ পাতা
আধপাকা সব কলার ভারে
নুইয়ে পড়ে মাথা।

এক সকালে আলোর রাজা
সূর্য্যি মামার উঁকি,
বললে হেসে তোমরা দেখি
বড্ড ভীষণ সুখি।

গাছ দুটো কয় কেউ সুখে না
মামার মুখোমুখি!
সত্যি তারাই দুখী
অল্পে যাদের মন খুশি হয়
তারাই কেবল সুখি।