গাছের পাতার ফাঁকে জোছনার বান
অনাবিল আনন্দে হাসে আসমান
ঝিরিঝিরি বায়ু বয় আধমরা কাশে
শিশিরের রূপ দেখি কচি ডগা ঘাসে।

নদীবুকে থির জল নেই কলতান
পালতোলা নাও বেয়ে গায় মাঝি গান
ঝাঁকে ঝাঁকে উড়ে যায় পরিযায়ী পাখি
ঝরা ফুল শিউলিতে ডুবে যায় আঁখি।

সকালের মিঠা রোদে সবুজের মুখ
শীতের নাগাল পেতে থাকে উন্মুখ
মৌমাছি মৌ খুঁজে মেলে দিয়ে ডানা
ঝাঁক বেঁধে ফুল বনে উড়ে একটানা।

দখিনা বাতাস তার ঠাঁই খুঁজে ঠাঁই
হলুদ ধানের শীষে দোলা দিয়ে যায়
রূপে মোহে থিরথির কৃষকের মুখ
সারা গাঁয়ে নবান্নের আমোদিত সুখ।

উঠোনের মাঝখানে শিশুদের দল
খড় ভাঙে, চর-গাঙে করে কোলাহল
পিকনিক পিকনিক কত আয়োজন
শীতের আমেজে গড়া ফুরফুরে মন।