রক্ত-নদী পেরিয়ে দেখি
সামনে শুধু আগুনপুর
দূর বাতাসে ভাসতে থাকে
হৃদয় ভাঙা করুণ সুর।
পলাশ কাঁদে শিমুল কাঁদে
বর্ণগুলো লাল বরণ
কত মায়ের বুক ভাসিয়ে
ঝরতে থাকে তার ক্ষরণ!
বর্ণমালার শরীর দিয়ে
ঝর ঝরিয়ে রক্ত ঝরে
সূর্যটা তাই দারুণ ক্ষোভে
ক্ষিপ্রভাবে ছিটকে পড়ে ।
মন পুড়েছে বন পুড়েছে
পথ হয়েছে তপ্ত বহু
ফিনকি দিয়ে ছুটতে থাকে
খরস্রোতা নদীর লোহু।
কিসের লোহু কিসের বান
কোন্ সে নদী নিচ্ছে বাঁক?
লাল একুশে সাঁতার কেটে
বর্ণমালা দিচ্ছে ডাক।
ফের মিছিলে জাগবে সাড়া
জাগলে তুমি জাগবে দেশ
শত মিছিল সামনে আছে
এক মিছিলে নয়তো শেষ!...
