আকাশটাকে ছুঁই
শেখ বিপ্লব হোসেন

স্বপ্ন দেখে জুঁই
ভালোবেসে দু’হাত মেলে
আকাশটাকে ছুঁই!

ফড়িং ফড়িং মন
হরেকরকম ফুলের বনে
কাটায় সারাক্ষণ।

হৃদয়পটে তার
অহর্নিশি পলাশ ফোটে
কৃষ্ণচূড়া আর।

স্বপ্ন যে তার বড়ো
মায়ের মুখে ফুটুক হাসি
চায় যে এমনতরো।

স্বপ্ন সবুজ লালের
দেশটা হবে ফুলপাখিদের
সেরা সর্বকালের।

 

 


ফাগুন হাওয়ায়
আলমগীর কবির

ফাগুন হাওয়ায় দোল খেয়ে যায়
কনকচাঁপার মঞ্জুরি,
কোকিল পাখি গান গেয়ে যায়
মিষ্টি সুরে বন জুড়ি ;

ফুল পাখিদের মেলা দেখে
যায় হয়ে এই মন, ঘুড়ি।
মন ঘুড়িটা উড়তে থাকে
ওই যে দূরের আকাশপুর,

আলত করে ভালোবেসে
যায় দিয়ে যায় বাতাস সুর।

রৌদ্র পাঠায় আলোর চিঠি
নয়নতারা কাড়ে মন,
স্বপ্নপুরে যায় ছুটে যায়
আমার বারেবারে মন।

 


স্বাধীন গাছ
মো. তৌহিদুল আলম

নদীর আছে স্বাধীনতা
ছুটছে আপন মনে,
গাছগাছালি পাখপাখালি
দুলছে বনে বনে।

ফুলের আছে স্বাধীনতা
গন্ধ ছড়ায় খুব,
ধানের ক্ষেতে হিমেল বায়ু
থাকে না নিশ্চুপ।

আকাশ জুড়ে স্বাধীনতা
স্বপ্ন জয়ের হাসি!
সবুজ মাঠে আপন মনে
রাখাল বাজায় বাঁশি।

দাদুর আছে স্বাধীনতা
তোমার আমার আছে
একাত্তরে রোপণ করা
স্বাধীন নামের গাছে।

 


হাট্টিমাটিম
হোসাইন আল-নাহিদ

হাট্টিমাটিম পড়তে হবে জানতে যদি চাও,
আজব হলেও সত্য কথা আছে তাদের গাঁও!
শামুক হলো হাট্টিমাটিম তোমরা কি তা জানো?
তার ব্যাকরণ দিচ্ছি শোনো সঠিক হলে মানো।

‘হাট্টি’ মানে ‘হাঁটা’ এবং ‘মাটিম’ মানে ‘মাটি’,
‘টিম’ মানে তো ‘ধীরে’ বলে কথা কিন্তু খাঁটি।
শামুকের তো শিং ও আছে উপর দিকে ‘খাড়া’,
দেখতে আজব এই প্রাণীটি সবার নজর কাড়া।

মাঠে এদের ডিম পাওয়া যায় নোনা ফলের মতো,
তা দেখেছ তোমরা ক’জন? মিথ্যে ভাব যত!
‘হাট্টিমাটিম’ মজার ছড়া আসুন সবাই পড়ি,
ভালো ছড়া পড়ে পড়ে আলোর জীবন গড়ি।

 


প্রাণের বইমেলা
রুমী খান

আশা আমার যাবো মেলায়
কিনব নতুন বই
বইয়ের মাঝে আছে সবার
জ্ঞানী হবার মই।

ছোট মানুষ বলে আমি
পাই না কদর কারো
একদিন আমি বড় হবো
দোয়া করো আরো

বই মেলাতে থাকবে যেদিন
আমার একটি বই
সেদিন আমি মেলায় যাবো
রুখবে না আর কেউ।

মেলায় যাবো লেখক হয়ে
হাসব মনের সুখে
সেদিন আমি দেখব ঘুরে
মুচকি হাসি মুখে।