আম্মু খুব অসুস্থ! আব্বু হন্তদন্ত হয়ে বললেন, ঈশান, তোমার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ঈশান বায়না ধরল; আমিও যাবো।
আব্বু-আম্মুর সাথে গাড়িতে বসে আছে ঈশান। রাস্তায় প্রচণ্ড জ্যাম। জ্যামের কারণে গাড়ি সামনে এগোতে পারছে না। ঈশান জানালার দিকে তাকাল। উদাস দৃষ্টি! দেড় ঘণ্টা হয়ে গেল বাসা থেকে রওনা দিয়েছে। অথচ আধ ঘণ্টায় পৌঁছে যাওয়ার কথা। ঈশান দীর্ঘশ্বাস ছাড়ল। আম্মু ঈশানের কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না। কিচ্ছু হবে না। সুস্থ হয়ে যাবো। আব্বু সাহস দিয়ে বললেন, এই তো বাবা আরেকটু, জ্যাম ছেড়ে দেবে। ঈশান আম্মুর মুখের দিকে তাকাল। আম্মুকে খুব দুঃখী দুঃখী লাগছে। ঈশানের বুকটা কেমন করে উঠল। চোখ জোড়া ভিজে উঠল। কিন্তু আব্বু-আম্মুকে বুঝতে দিলো না। নিজেকে আড়াল করে রাখল।
শ্বাসকষ্ট শুরু হলো ঈশানের আম্মুর। ডাক্তার চিন্তিত মুখে বললেন, আর এক ঘণ্টা আগে এলে তার অবস্থা এত খারাপ হতো না। যাই হোক, আমরা চেষ্টা করছি। আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবেন। আম্মুকে আইসিইউতে ভর্তি করা হলো। এতক্ষণ চেপে রাখা কান্নাটা কেঁদেই ফেলল ঈশান। আব্বু শান্ত স্বরে বললেন, বাবা, এটা কান্নার সময় নয়। এসো প্রার্থনা করি। হঠাৎ আব্বু এক প্রকার চেঁচিয়ে উঠে বললেন, জ্যাম, জ্যাম, জ্যাম। জ্যামের কারণে কত মানুষকে খেসারত দিতে হচ্ছে। কত কী হারাতে হচ্ছে। অ্যাম্বুলেন্স ডাকার মতো অসুস্থ ছিলেন না তোমার আম্মু। ভাবলাম গাড়ি করে হাসপাতালে যাবো। ঈশান লক্ষ করলÑ আব্বুর চোখ দুটো ছলছল করছে।
হর্ণের শব্দে ঘুম ভেঙে গেল ঈশানের। ঘুম ঘুম চোখে এদিক ওদিক তাকাল। আমরা এখনো জ্যামে বসে আছি? আব্বু বললেন, জ্যাম ছেড়ে দিয়েছে। আমরা হাসপাতালে পৌঁছে গেছি। আম্মু কোথায় আম্মু? ঈশান অস্থির হয়ে উঠল। আম্মু ঈশানের হাতের ওপর হাত রেখে বললেন, এই তো বাবা, তোমার পাশেই বসে আছি। ঈশান আম্মুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। আম্মু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিলেন। ঈশান আত্মবিশ্বাসের সাথে বলল, আমাদের সচেতন হতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। যেখানে সেখানে বাস থামিয়ে রাখা যাবে না। রোগীদের জন্য বিশেষ একটি রাস্তা রাখতে হবে। সে রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না। কথাগুলো আমার বন্ধুদের বলব। ওরা সবার মাঝে ছড়িয়ে দেবে। সমগ্র দেশ জাগ্রত হবে। এভাবেই সচেতন হবে জনগণ। আব্বু-আম্মুর চোখে মুখে আলো ছড়িয়ে গেল। গর্ব করে বললেন, তোমরাই তো উজ্জ্বল আগামী।
আম্মু খুব অসুস্থ! আব্বু হন্তদন্ত হয়ে বললেন, ঈশান, তোমার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ঈশান বায়না ধরল; আমিও যাবো।আব্বু-আম্মুর সাথে গাড়িতে বসে আছে ঈশান। রাস্তায়...
