নতুন দিনের কথাই বলি। নতুন দিন মানেই নতুন কিছু। মাস যায়। বছর যায়। আমাদের বলে যায় এই যাচ্ছি। যাবো আমার গন্তব্যে। আমার পেছন পেছন আসে নতুন বছর। নতুন দিনে আনন্দ সাথে। নতুন আয়োজন। যারা জানে সময়ের মূল্য তারা মূল্য দিতে প্রস্তুত। তারা মূল্য দেয়। সময়ের মূল্য দিলে এগিয়ে যাওয়ার পাল উড়বেই। হেমন্ত মুখার্জির গানটি পছন্দ। যখন তরুণ, বেশ ক’টি গান কণ্ঠস্থ, সারাদিন ধরেই গাইতাম। তার একটি : ‘অরূপ তোমার বাণী’। এমন আরো আরো গান। সকাল-বিকেল গাওয়া। মন থেকে উৎসারিত। যারা ইতিহাস পাঠের বন্ধু আমার নাম দিলো : ‘অরূপ তোমার বাণী’।
এ দিকে বন্ধু-বান্ধবদের সাহিত্য বাসরে গান গাইতে বলতেই ধরতাম : ‘শুধু তোমার বাণী, নয়গো বন্ধু, হে প্রিয়’। সেখানে আমার নাম হলো : ‘শুধু তোমার বাণী’। এভাবে বিশেষণ। বন্ধুদের দেয়া বিশেষণ। আহা ভালোই। সেই দিনগুলো পেরিয়ে গেছে। কত কাজ কত ব্যস্ততা। কত অনুষ্ঠান। কত সন্ধ্যা রাত শুধু গান আর গান। নববর্ষেও ছিল গানের পালা। এখন অখণ্ড অবসর। বই লিখলাম ক’খানি। বিক্রিবাট্টা ভালো। অনায়াসে একটি ইলিশ মাছ জুটে যায়, তা দিয়ে মধ্যাহ্ন ও রাত্রির ভোজ। জীবন স্বাচ্ছন্দ্য গতিতে এগিয়ে চলেছে নতুন নতুন ভোরের পানে। নতুন নতুন স্বপ্নের পানে। নতুন পথের দিকে।
সারা বাংলাদেশ ঘুরেছি। গান করেছি। দেখেছি কত রূপ। গ্রামবাংলা এখনো এত সুন্দর ও সবুজ যে এর তুলনা পৃথিবীর কোথাও খুঁজে পাইনি। বিদেশও দেখেছি। আমার বাংলাদেশের মতো নেই। সবচেয়ে সুন্দর দেশ আমাদের এই বাংলাদেশ। শুধু একটু মনটাকে সুন্দর দিকে প্রবাহিত করলেই নতুন মানুষে পরিণত হই। মনের সুন্দর বড় সুন্দর। মন ভালো তো সব ভালো। অনেকে ভালোবাসা জানায় এই অধমকে, পিতার কারণে, মাতার কারণে, ভগ্নির কারণে, স্ত্রীর কারণে, ভাইয়ের কারণে, কন্যাদের কারণে। গান শুনতে চায়, কথা বলতে চায়। দেখাতে চায়। তারা তাদের মনের কথা বলতে চায়। একজন বয়স্কা মহিলা বললেন যে আপনাকে দেখলে মনে হয় যেন তারুণ্য স্থির হয়ে আছে। নিজের দিকে তাকালাম, তা তো নয়। চুল দাড়ি পেকেছে। কালো সাদা হয়ে গেছে। চোখের রঙ বদল হয়ে গেছে।
চলে যাওয়ার দলে আমি। সবাই চলে যায়। সহপাঠীদের অনেকে চলে গেছে। সমবয়সী যারা তাদেরও অনেকে গেছে। প্রতিদিন কেউ না কেউ যাচ্ছে। আবার নতুন বছরও আসছে। জীবনের ভরসা নেই। আমার আহ্বান সবার কাছে : আসুন, সবাই মিলে আজকের দিনটিকে সুন্দর করে তুলি। নিজে সুন্দর না হলে পরিবেশ সুন্দর হবে না, দেশ সুন্দর হবে না। রাজনীতি পথে বসিয়েছে আমাদেরকে। বাংলাদেশ এগিয়ে চলেছে তার নিজগতিতে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এগিয়ে নিয়ে যাবে তারা। হয়তো সাময়িক সমস্যা। সাময়িক বাধা। সব সমস্যা আর বাধা পেরিয়ে এগিয়ে যাবে দেশ।
‘নয়া দিগন্ত’ দেখিয়েছে নতুন দিগন্ত। এ কাগজে নিঃসঙ্কোচে লিখি। বিশ্বাস পরিত্যাগ করব না, মরে গেলেও না। বিশ্বাস নিয়ে বেঁচে থাকব। যারা বিশ্বাস করে না, তারাও বেঁচে থাক। ওদের জন্য দোয়া। আল্লাহ সঠিক পথ দেখান। ওদের বই পড়ি না, কাগজ ছুঁই না। মনের সাথে মিলে না। বিশ্বাসের সাথে যায় না। দেখা যাক, বুড়িগঙ্গার পানি কত দূর গড়ায়। ইতিহাসের ছাত্র, তাই ইতিহাসের পাঠের শেষে কি হয়, জানা আছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সুন্দর আমাদের জন্য প্রতীক্ষিত, কারণ আমরা সুন্দরের প্রতীক্ষায়।
সুন্দর এক দিন আসবেই। শুভ নববর্ষ।