ষড়ঋতু
মুস্তাফা ইসলাহী

গ্রীষ্মেতে রোদ ঝড়
বর্ষাতে বৃষ্টি
শরতে কাশ, মেঘ
অপরূপ সৃষ্টি
হেমন্তে পাকাধান
পিঠা, রস শীতে
বসন্তে ফোটে ফুল
পাখি মজে গীতে।

 

রাখবে সিয়াম
আবরার নাঈম

সারাটা দিন উপোস থেকে
রাখবে তুমি সিয়াম,
রাত্রি হলেই প্রভুর তরে
করবে শুরু কিয়াম।
মিথ্যা কিংবা পরনিন্দায়
থাকবে বহু দূর,
তবেই পাবে হৃদয় মাঝে
হেদায়াতের নূর।
রাখবে খবর প্রতিবেশীর
হয় যদি সে নিঃস্ব,
নাকি তুমি দেখবে বসে
তার সে করুণ দৃশ্য।
ইবাদতেই কাটাও বেলা
সকাল-দুপুর, সাঁঝে,
কিংবা তুমি ব্যস্ত থাকো
ভালো কোনো কাজে।


উড়ছে রঙিন ঘুড়ি
আল আমিন মুহাম্মাদ

ফুরফুরে এই বোশেখ হাওয়ায়
উড়ছে রঙিন ঘুড়ি
লাটাই হাতে হাসছে খোকা
মনেতে সুড়সুড়ি।
ঘুড়ি সে কি আকাশ ছোঁবে
চায় সে আরো যেতে!
মাঝে মাঝে দিচ্ছে দোলা
নতুন আকাশ পেতে।
একটু জোরে বাতাস এলো
ঘুড়ি গেল ছুটে
পিছন পিছন ছুটল খোকা
কী আনন্দ লুটে।
সাথীরাও সাথে সবাই
ছুটল পায়ে পায়ে
ঘুড়ি গিয়ে ধরল শেষে
মাঠ পেরিয়ে গাঁয়ে।
ঘুড়ির সুতা কাটার মাঝে
খুব আনন্দ পায়!
মনের দুয়ার খুলে সবাই
খুশিতে গান গায়।


খোকা ও চাঁদমামা
আজাদ হোসেন

করিডোরে বসে খোকা
দেখে রাঙা চাঁদ,
মাঝে মাঝে কালো মেঘে
দিচ্ছে যেন বাঁধ।
এক নয়নে চাঁদটা দেখে
ভাবছে দিয়ে মন,
গভীর রাতে চাঁদটা বুঝি
একলা কাটে ক্ষণ।
রাতের আকাশ কেউ দেখে না
করে ঝিলিমিল,
নীল আকাশের গালে বুঝি
সোনা মাখা তিল।
তিলটা যেন জ্বলে জ্বলে
ছড়ায় সোনা রঙ,
খোকা বসে একলা একা
দেখে চাঁদের ঢঙ।
চাঁদের দিকে আঙুল দিয়ে
জানায় ইশারায়,
ভালো থেকো ও চাঁদমামা
জানায় সে বিদায়।

 


সবই গরম
মো: রতন ইসলাম

গরম গরম কী যে গরম!
গরম ঝাঁঝে ঘামছি চরম
গ্রীষ্মের গরম ঈদের গরম
গরমে মন-চামড়া নরম।
কোন খানেতে নাইরে গরম?
ঘরে গরম বাইরে গরম
রাস্তাঘাটে লোকের গরম
মহামারীর শোকের গরম।
আম-কাঁঠালটা পাকার গরম
কেনাকাটায় টাকার গরম
গুলাচ-জারুল ফোটার গরম
গাঁয়ের বাড়ি ছোটার গরম।
রোদে ভাজা দিনের গরম
লকডাউনের ঋণের গরম
ঋণের তাপে অভাব গরম
কারু কথার জবাব গরম!


বোশেখ মাসের ঝড়
তৈয়ব আলী ফারুক

গুড় গুড় গুড় মেঘ ডেকেছে
ঝমঝমিয়ে বৃষ্টি
শন শনিয়ে বইছে বাতাস
নিচ্ছে কেড়ে দৃষ্টি।
কলকলিয়ে যাচ্ছে নদী
ভাসছে হাঁসের ছানা
পাখপাখালি ফিরছে নীড়ে
উড়িয়ে দু’টি ডানা।
ছুটছুটিয়ে চলছে খোকা
আম কুড়াবে ঝড়ে
বকবকানি শুনতে হবে
করলে কাবু জ্বরে।
ঝিরঝিরিয়ে বইছে বাতাস
ভেঙে দিচ্ছে ঘর
গুড়ুম গুড়ুম মেঘ ডাকে ওই
বোশেখ মাসের ঝড় ।

 

নতুন দিনের বাঁশি
খায়রুল আলম রাজু

সবুজ পাতা সবুজ পাতা
লাউ-কুমড়ো, মিষ্টি আতা
হিজল ফুলের রঙ...
সকালবেলা আজকে এত
করছ কিসের ঢঙ?
মরা নদীর দুপাড় ঘেঁষে
জাগল পাড়া উঠল হেসে
ঘুমিয়ে আছো কেউ?
খুশির ঝলক বিলিয়ে দিল
দূর্বা ঘাসের ঢেউ...
লঙ্কা মরিচ মাটির সানকি
শোভাযাত্রায় নতুন গান কি?
পান্তা-ইলিশ পাতে...
নতুন দিনের বাজলে বাঁশি
উৎসবে দেশ মাতে!