হাঁদারাম ওই গাধাও বলে
এই জগতে চলা দায়,
ইঁদুর মশাই পরের ক্ষেতের
মুলা তুলে নিয়ে যায়।

বাঁশের আগায় বসে বানর
কুটুর-কুটুর, বাদাম খায়,
শিয়াল পণ্ডিত খাবে বলে
ফন্দি ফিকির এঁটে যায়।

বন্ধু তুমি কত্তো ভালো
দেখতে সুন্দর তোমার মুখ,
বুড়া আঙুল দেখায় বানর
ভাঙে শিয়ালেরই বুক।

ওদের কাণ্ড দেখে দেখে
পেঁচার মুখে হাসি পায়,
ঘুলঘুলিতে টুনটুনি টা
বসে ব্যঙ্গ করে যায়।

এমন সময় হঠাৎ এসে
আচ্ছা করে মারে ল্যাং,
চেয়ে দেখে পণ্ডিত মশাই
সামান্য এক কোলাব্যাঙ।