বাবা আমার বাবা
নজরুল ইসলাম শান্তু

বাবা গো তোমায় যায় না তো মোটে ভোলা...
তুমি ছিলে ছাদ আকাশের মতো এখন আকাশ খোলা।
কষ্ট করেছো আমাদের সুখে কটু কথা কভু কওনি,
ও বাবা তুমি তো আমাদের ছেড়ে চোখের আড়ালও হওনি।
এই তো সেদিন চলে গেলে তুমি কাউকে কিছু না বলে,
তোমার স্নেহের স্মৃতির শরীরে হারাই অশ্রুজলে।
বাবা গো তুমি তো শ্রেষ্ঠ বাবা শিক্ষার পরিবেশে...
সকলের খুবই প্রিয় ছিলে তুমি দিন যেত হেসে হেসে।
কখনো আমায় আঘাত করোনি শাসন করেছো ঠিক,
সেই শাসনের সূত্রেই ছিল স্নেহরূপ মানবিক।
পাঞ্জেগানায় তোমার ছিল যে মসজিদ পানে টান,
রাত্রি জেগেও করেছো তুমি আল্লাহর গুনগান।
ও বাবা তোমার শত্রু দেখেনি শুনেছি সঠিক কথা,
তুমি নেই তাই এলাকাজুড়েই নেমে আসে নীরবতা।
ছোটদেরও তুমি আপনি বলেই ডাকতে সবার মাঝে
আল্লাহ আল্লাহ জিকির তুলেই মগ্ন থাকতে কাজে।
স্মৃতিময় দিন তাই তো আমায় তাড়না দিয়েই চলছে,
তুমি ছিলে এক শুদ্ধ মানব স্বজনরাও বলছে।
বাবা তুমি আর আসবে না জানি হাসবে না কথা ধরে...
তোমাকে ছাড়া আমি যে অচল তোমাকেই মনে পড়ে।

 


বিধির লিখন
রুহুল আমিন

কষ্ট ও দুঃখের জীবন
সুখের দেখা নাই,
সুখটা যেন সোনার হরিণ
ক্যামনে তারে পাই।
হাজার দুঃখে কাতর হয়ে
আজ জীবন্ত লাশ,
চোখের জলে বুকটা ভাসায়
কাটছে বারো মাস।
বুকের ভেতর দুঃখের সাগর
বহে বিশাল ঢেউ,
এই জীবনে আপন বলতে
নেই তো কোনো কেউ।
কতই রঙিন স্বপ্নে বিভোর
ছিল আমার মন,
ডুবল তরী মাঝ দরিয়ায়
ছাড়ল আপনজন।
হাজার দুঃখের জীবন আমার
পাই না কোনো কূল,
আজন্ম পাপ জন্ম আমার
কোথায় ছিল ভুল।
বিধির লিখন এই অধমের
বোঝার সাধ্য নাই,
এই সংসারে সুখের আশায়
সুখটা খুঁজতে চাই।
সুখটা কেমন দেখার সুযোগ
এই কপালে রয়,
ভুবন ছাড়ার আগেই সুখের
জীবন যদি হয়।

 


একটি ঝড়ের রাত
নূর সিরাজী

শনশন বায়ু বয় গাছপালা নড়ে
ঝরঝরে পাতা সব ঝরেঝরে পড়ে।
তোলপাড় বাতাসের গতি বাড়া শুরু
বাজপরা আওয়াজে বুক দুরুদুরু।
বিদ্যুৎ চমকায় ঝিকমিক আলো
লোকহীন পথঘাট কাদাজলে কালো।
চুপচাপ বসে থাকি খোদা নাম ঠোঁটে,
সব্বার খোঁজ নিবো সকালেই উঠে।
ধুকপুক করে বুক ভয় লাগে মনে
বৃষ্টির বারিধারা কমে বাড়ে ক্ষণে।
ক্ষয়ক্ষতি ফসলের নাহি যেন হয়
দুই হাত তুলি তাই ওগো দয়াময়।
ঝরেমেঘ ঝমঝম রাতভর চলে
মনোবল ফিরে পাই সেই ভোর হলে।

 

মা
মাহমুদা সিদ্দিকা

পাতার ফাঁকে চেয়ে দেখি
ওই আকাশের চাঁদ
ডাকছে যেন চোখ ইশারায়
বাড়িয়ে দু’টি হাত।
মায়াভরা হাতছানিতে
আকুল হয়ে যাই
মধুমাখা রূপের মাঝে
মাকে খুঁজে পাই।
দেখে দেখে ভাবনা মনে
ভীষণ অবাক হই
চাঁদের মতো মায়ের আদর
পাবো বলো কই।
অশ্রু ভেজা আঁখি মেলে
ডাকছি ওগো মা
হৃদয়জুড়ে শুধু তুমি
ডাক কি শোনো না?