চাঁদের ফাঁদের জাদুকর প্রভা
সেও ম্লান তব কারুকাজে।
গোপন স্বপনে সুশোভন শোভা
এবং শোনিতে শনি সাজে।
আটাশ বছর শুধু ছেঁড়া ছড়
প্রাণপনে ঘসি এস্রাজে।
বিমূঢ় সন্ধ্যা, সুর্যের শবে
গোলাপ ছিটায় অন্ধকার,
সাতটি বর্ণ কৃষ্ণ কবর,
কফিনে কোঁকায় গন্ধ কার?
ভীতি ও বিপদ খঞ্জের মতো
আচমকা এসে হাত বাড়ায়।
দু’পায়ের মাঝে ইঁদুরের লেজ।
পাঁচটি কাবুলি কড়া নাড়ায়?
অন্ধকারে কি উধাও কোকিল
স্বপ্নে প্রাপ্ত নীল হরিণ?
মাইকের চেয়ে বিরক্তিকর
দিনের দেশে ও অসহ ঋণ,
উপুড় হওয়া দুপুর হারায়-
ফিরবে না আর নীল হরিণ।
