মানুষ হবো
মুস্তাফা ইসলাহী
বাবা বলে অভিনেতা
চাচা বলে কবি, নেতা
হতে হবে আমাকে
বড় ভাই আক্তার
হবে নাকি ডাক্তার
বলেছে সে মামাকে।
রবি নাকি ডিসি হবে
ববি নাকি ভিসি হবে,
ব্যবসায়ী মিশু।
মন্ত্রী ও সরকার
আর যা যা দরকার
হবে কাল শিশু।
ভেবে ভেবে রাত দিন
কেটে গেলো সাত দিন
ধুত্তরি ছাই!
বলে দেই হবো কী যে
মানুষ-ই হবো নিজে
পরে হই যা-ই।
বর্ণমালার গান
বারী সুমন
বর্ণমালার গানে গানে
পাখিরা সব গায়
একুশ একুশ এলো
আজ আমাদের গাঁয়।
ঢাকার বুকের রাজপথে
ঢেলে দিলো রক্ত
রক্ষা করলো মায়ের ভাষা
ধরলো মুঠি শক্ত।
মায়ের ভাষায় কথা বলি
গাই বাংলার গান
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ।
এলো ফাল্গুন
জাকির শায়েরী
হিমবুড়ি চলে গেছে
তাপ জাল বুনে
ফুলে ফুলে ওড়ে মৌ
শুরু ফাল্গুনে।
শাখে শাখে নবকুঁড়ি
গাছরাজি সাজে
কোকিলের কুহু-কুহু
সুরে যেন বাজে।
ঘুরে ঘুরে ভ্রমরেরা
করে গুন গুন
নব ধরা সাজাতেই
এলো ফাল্গুন।
রোবট আমি
আনোয়ার আল ফারুক
খুব সকালে মামার সাথে পথে যখন দেখা
মামা আমায় বলল খোকা করো পড়ালেখা,
ভরদুপুরে বাবার সাথে যেই গিয়েছি মাঠে
বলল বাবা মনোযোগটা দাও খোকা পাঠে।
সন্ধ্যা বেলায় বড় আপু চ্যাঁচিয়ে কয় খোকা
পড়ালেখা না করলে তুই হবি আস্ত বোকা,
রাতের বেলা মা জননী ঝাঁঝালো এক সুরে
পড়ালেখা ভাল্লাগে না? ভাল্লøাগে ভবঘুরে?
ইশকুলেও একই কথা পড়ো এবং পড়ো
গুরুজনে দেখলে বলে জীবনটাকে গড়ো,
জীবন বুঝি আটকে গেল পড়ার জাঁতাকলে
এই ভাবনায় দুইটি আঁখি ভীষণ টলোমলে।
আমার বুঝি থাকতে মানা খানিক অবসরে
বিনোদনের নেই যে সুযোগ জীবন বালুচরে
তবে কী যে রোবট আমি অন্য হাতের ঘুড়ি
তাদের সবার ইচ্ছেমাফিক দিবানিশি উড়ি!
সামনে ফাগুন
রুমী খান
সামনে ফাগুন হলুদ আগুন
মনটা কেমন করে
দখিন হাওয়া পেয়েই এ মন
যায় সুবাসে ভরে।
লাল হয়েছে শিমুলশাখা
আসবে ফাগুন বলে
এমন দিনে চাই না আমি
তুমিও যাও চলে।
কোকিল নাচে ডালে ডালে
আসবে বলে ফাগুন
পুড়ছে এ মন অগোচরে
জ্বলছে হলুদ আগুন।
জ্বলছে আগুন আসবে ফাগুন
যাচ্ছে পুড়ে চিত্ত
সত্য নিয়ে তাই এঁকেছি
ভালোবাসার বৃত্ত।
সোনালি দিনের বই
আজাদ হোসেন
বই মেলাতে বই কিনে না
ঘুরতে পড়ে ধুম,
রাত জেগে আর বই পড়ে না
হয় যে সুখের ঘুম।
আগের দিনে বই ছিল সব
বইটা ছিল মই,
শিক্ষা নিয়ে হতো বড়
সেই দিন আজ কই?
বিকেল হলে বেলকনিতে
পড়তো সুখে বই,
বইটায় ছিল সময় কাটার
একমাত্রই সই।
আজকে দেখি মোবাইলে
করছে সময় পার,
শেষ বয়সে পাওয়ার চশমা
সঙ্গী হবে তার।
আবার যদি আসতো সেদিন
বইয়ে রাখতো মুখ,
আসতো ফিরে সোনালি দিন
পেতাম অনেক সুখ।
