বইয়ের পাতায়
সাকী মাহবুব
বইয়ের পাতায় হাসনাহেনা
জুঁই চামেলি টগর
বইয়ের পাতায় মাঠ, ঘাট, বন
গ্রাম, শহর, নগর।
বইয়ের পাতায় মাছরাঙা, বক
টিয়া, ফিঙে, শালিক
বইয়ের পাতায় ফেরেশতাকুল
নবী-রাসূল, মালিক।
বইয়ের পাতায় আকাশ নদী
হাওড়-বাওড়, বিল
বইয়ের পাতায় ডিঙি নৌকা
শাপলা, শালুক, ঝিল।
বইয়ের পাতায় জ্ঞান গরিমা
হিরে মতি পান্না
বইয়ের পাতায় দুঃখ -ব্যথা
হাসি-সুখ কান্না।
কথার কথন
ফরিদ আহমদ ফরাজী
কথার কথা বলছে সে যে
কথায় কাটে কথার প্যাঁচ
কথা দিয়ে রাখছে না তাই
কাটছে কথা ঘ্যাচাং ঘ্যাচ।
কথার কথা বাজে কথা
অহরহ কহ যে
কথা বলতে ট্যাক্স লাগে না
যায় বলা খুব সহজে।
এই পৃথিবী ছন্দে ফিরুক
কবির আশরাফ
এই পৃথিবী ছন্দে ফিরুক
আবার নাচুক আলোকে,
সুখের মশাল জ্বলে ওঠুুক
দূর করে সব কালো কে।
অসঙ্গতি দূর হয়ে যাক
সবাই আসুক সমতায়,
দলকানা আর দুর্নীতিবাজ
থাকবে না কেউ ক্ষমতায়।
এই পৃথিবী আবার হাসুক
হাসুক সবাই প্রাণ খুলে,
নতুন আলোয় সূর্য ওঠুক
সম্ভাবনার দ্বার খুলে।
এই পৃথিবী আবার হাঁটুক
হাঁটুক নতুন গতিতে,
অন্য কোনো স্বপ্নে ভাসুক
যা দেখেনি অতীতে।
সকাল
ইরফান তানভীর
রাত্রি শেষে সকাল হলে
সূর্যি মামা ওঠে,
বাগানজুড়ে শিউলি, বকুল,
জুই, চামেলি ফোটে।
গাছে গাছে কত পাখি
কিচিরমিচির ডাকে,
মাল্লøা-মাঝি নৌকা চালায়
শান্ত নদীর বাঁকে।
ঘাসের ডগায় ঝিলিমিলি
শান্ত শিশির কণা,
আলতো পায়ের স্পর্শ পেলেই
যাই হয়ে আনমনা।
ঝিরিঝিরি দখিন হাওয়া
চারিদিকে বহে,
এসব কিছুই সৃষ্টি প্রভুুর
অন্য কিছু নহে।
বসন্ত এসে গেছে
রহমান রানু
ফাগুনের ওই রাঙা দুয়ার
দক্ষিণ হাওয়ায় খুলে
গাছের ডালে ডাকছে কোকিল
বসন্ত সুর তুলে।
ফুল ফুটেছে মৌ ছুটেছে
প্রজাপতির মেলা
ফুলে ফুলে উড়ে উড়ে
ঘুরে সারাবেলা।
শিমুল, পলাশ ফুটছে ডালে
লাল টুকটুকে লালে
পাখিরা সব দিচ্ছে চুমু
ফুলের নরম গালে।
ফাগুন হাওয়ায় বসন্ত ঘ্রাণ
পুলক হৃদয় মাঝে
বাসন্তী রঙ রাঙায় ধরা
কি অপরূপ সাজে!
