টুপটাপ ঝমঝম
আতিক রহমান

টুপটাপ ঝমঝম
আহা কী যে অনুপম
ঝিরিঝিরি হরদম ঝরে-
আকাশের ভাবাবেগ
দুঃখ ও উদ্বেগ
ঝরিয়ে সে বুকটাকে
হালকা কি করে?

ঝরে পড়ে মেঘকালো
আকাশটা আলো আলো
মুখ নিয়ে মিটিমিটি হাসে,
রঙধনু রেখা টেনে
অপরূপ সাজ এনে
মানুষের মনে মন
রেখে ভালোবাসে!

গাছপালা যেনো ঠিক
স্নান করে চিকচিক
হাসি-খুশি প্রাণ তার দোলে,
কচুপাতা অবিরল
মুক্তোর ফোঁটা জল
ভালোবেসে তুলে নেয় কোলে!

 

 

টাপুর টুপুর
নজরুল ইসলাম শান্ত

আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
বৃষ্টি পড়ে মিষ্টি তালে
সবুজ বনের লতায় পাতায়
বৃষ্টি পড়ে ব্যাঙের ছাতায়।

বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে
মাছের পোনা নড়েচড়ে
পুকুর পারে হিজল গাছে
বৃষ্টি ভিজে ফিঙে নাচে।

বৃষ্টি ভিজে দুষ্টু মেয়ে
বাড়ি ফিরে হোঁচট খেয়ে
বৃষ্টি পড়ে কদম শাখে
মেঠো পথের বাঁকে বাঁকে।

বুড়ো দাদু পড়ছে বেঁকে
নাতনী হাসে কাণ্ড দেখে
মিষ্টি হাতে শ্বশুরবাড়ি
নতুন জামাই দিচ্ছে পাড়ি।

এমন দিনে অনাথ যারা
একমুঠো ভাত পায় না তারা!
উপোস থাকে সকাল-দুপুর;
বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

 


বাদল দিনে
জাহানারা নাসরিন

টাপুর টুপুর বৃষ্টি নূপুর
বাজছে টিনের চালে,
ডোবার পাড়ে ঘ্যাঙর ঘ্যাঙর
চলছে তালে তালে।

ঝোপের ধারে ডাহুক ছানা
গাইছে মধুর সুরে,
পাল তুলেছে নায়ের মাঝি
যাবে বহুদূরে।

কদম, কেয়া, জুঁই, কামিনী
ফুটছে থোকা থোকা,
মনানন্দে বৃষ্টি মাখে
ফুলপাখি আর খোকা।

উঠোন জলে ডুবসাঁতারে
চলছে হাঁসের খেলা,
পুঁই মাচাতে বসছে দেখ
গল্পকথার মেলা।

ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে
জল থৈ থৈ করে,
মেঘ গুড় গুড় মাদল বাজে
সৃষ্টি যেন নড়ে।

 


বৃষ্টি রানী
জয়নব জোনাকি

বৃষ্টি এলো ঝরঝরিয়ে
টিনের চালে গড়গড়িয়ে
পড়ছে খুশির ধুম
মনের মাঝে উম,
চোখের পাতায় ঘুম এনে দেয়
শীতল বায়ুর চুম।

বৃষ্টি এলো নূপুর পায়ে
সাগর নদী ডিঙি নায়ে
দিচ্ছে ডাহুক ডুব
দেখতে অপরূপ,
হিমেল পরশ দোল দিয়ে যায়
মনের মাঝে খুব।

বৃষ্টি এলো সাঁঝের কালে
ছন্দ সুরের তালে তালে
গায় বিরহী গান
সুর লহরীর তান,
মন আকাশে বৃষ্টি রানীর
বড্ড অভিমান।

 


বর্ষা ঋতু এলে
আহমাদ মুস্তাকীম

টাপুর টুপুর বৃষ্টি পড়ে
বর্ষা ঋতু এলে
মেঘ পরীরা উড়তে থাকে
পেখম দুটো মেলে।

সূয্যিমামা যায় লুকিয়ে
চায় না দিতে দেখা
বর্ষা এসেই ফুল প্রকৃতির
পাল্টিয়ে দেয় রেখা।

কমদ জুঁই আর হাসনাহেনা
নানান রকম ফুল
মিষ্টি ঘ্রাণে মন কেড়ে নেয়
হয় না যে তার তুল।

নদী-নালা খালে-বিলে
স্বচ্ছ নতুন জল
মৎস্যরাজি করে যেনো
খুশির কলরোল।

সব মিলিয়ে বর্ষা ঋতু
দারুণ লাগে খুব
বর্ষা রানির রূপ সাগরে
চায় দিতে মন ডুব।