গাজার শিশু
এ কে আজাদ

ফিলিস্তিনে বৃষ্টি তো নেই, পড়ে শুধু বোমা,
রক্ত-নদী, ব্যথার পাহাড় মরছে হাজার সোমা।
বোমার ঘায়ে ধসে গেছে দালানকোঠা বাড়ি,
স্বপ্ন আঁকা সবুজ মাঠ আর বাগান সারি সারি।
খেলার মাঠ আজ রক্ত-পুকুর বুকের পাঁজর ফুঁড়ে,
বেঁচে থাকার স্বপ্ন গেছে ঐ আকাশে উড়ে।
ইসরাইলের গুলি বোমায় গাজার মাটি তামা,
তার ভেতরে ফুলের শিশু রক্ত-মাখা জামা।

ধূ ধূ মাঠের ওপার থেকে লাশ ফিরেছে বাবার,
মা মরেছে বিমান শেলে নেই তো পেটে খাবার!
ক্ষুধার পেটে বুলেট বোমা আহার হয়ে জোটে!
লোহুর বাগে শিশু যেন রক্ত-গোলাপ ফোটে!
বাবা মায়ের লাশের পাশে ছোট্ট শিশুর দেহ,
খাবার বদল আসে বুলেট, নেই তো মায়া স্নেহ!
পশ্চিম হতে আসে ধেয়ে দানব-তরীর ঢেউ,
মানব শিশু রক্তে ভাসে, নেই তো দেখার কেউ!

চতুর্পাশে দৈত্য দানো আছে যে ফাঁদ পেতে,
হায়েনারা সব আসে তেড়ে জ্যান্ত শিশু খেতে!
মানবতার ঠাট্টা বুলি স্বার্থপরের মন্ত্র,
যুদ্ধবাজের বোমায় পোড়ে সাধের গণতন্ত্র!
সাম্প্র্রদায়িক ডাকাতেরা মানব-ধর্ম কাটে,
জায়নবাদের বলি শিশু গাজার মাঠে ঘাটে!
আশ্রয় শিবির, হাসপাতালেও পশুরা দেয় হানা,
সভ্যতার এই অরণ্যে আজ মানুষ বাঁচা মানা!
জলের আধার দেয় উড়িয়ে, সেই এজিদি সাজা,
পানির তৃষ্ণায় নতুন করে কারবালা হয় গাজা।
গাজার বুকে নতুন ফোরাত-রক্ত ধারা বয়!
এত নহর! একটা ফোঁটাও তৃষ্ণা মেটার নয়!
ফিলিস্তিনের ফুলের শিশু রক্ত-মাখা মুখ,
বাঁচার আশায় চেয়ে আকাশে উন্মুখ!

 

ফিলিস্তিনে
মাহমুদুল হাসান মুন্না

চতুর্দিকে লাশের সারি
ভাঙা মিনার ভাঙা বাড়ি,

পাখির কূজন যায় না শোনা
মৃত্যু করে আনাগোনা,
দুধের শিশু মাতৃহারা
এই হিংস্রতা দেখছে কারা?

পিশাচগুলো নির্বিচারে
নারী শিশুর জীবন কাড়ে,
শরণার্থী শিবিরগুলো
ধ্বংসলীলায় হচ্ছে তুলো।

মানুষগুলোর নেই ঠিকানা
ক্ষুধায় কাতর নেই যে খানা,
কেমন করে নিদ্রা যাবে
কখন কে যে অক্কা পাবে!

 

শান্তি আসুক ফিলিস্তিনে
মোরশেদ কমল

বই -খাতা, রং-পেন্সিলেতে বারুদ আছে লেগে
হয়নি যাওয়া স্কুলে তার ঘুমটি থেকে জেগে।
ঘুমের শিশু লাশ হয়ে যায়, লাশ হয়ে যায় দাদা
বিশ্ব অবাক কাণ্ড দেখে, কিন্তু কে দেয় বাধা!
খেলার মাঠে খেলতে থাকা- সেই ছেলেকে, আজ-
সরিয়ে দিলো জগৎ থেকে ইসরাইলি বাজ।
ফিলিস্তিনে মানুষ কাঁদে বাইরে ঘরে ঘরে...
মানুষরূপী জন্তুগুলোর নাই মায়া অন্তরে।
বোমা মারে নামাজ ঘরে- পাঠশালা মাঠ-ঘাটে
জান কেড়ে নেয় দানবগুলো, যার ছিল মন পাঠে।

আর কতদিন চলবে এমন মানুষ মারার খেলা
আল্লাহ... জানেন ফিলিস্তিনির কেমন কাটে বেলা!
শান্তি আসুক ফিলিস্তিনে- ফুটুক মুখে হাসি
সবাই সবার আপন হয়ে থাকুক পাশাপাশি।