ভোরবেলা
গিয়াস হায়দার
ভোরবেলাতে ডাকছে পাখি
ডাকছে ভোরের কাক
যায় উড়ে যায় আকাশ পানে
বেঁধে পাখির ঝাঁক।
শেয়াল ডাকে কুকুর ডাকে
ডাকছে ডালে পাখি
সূর্যি মামা আলো ছড়ায়
দেখি মেলে আঁখি।
মুয়াজ্জিনের আজান ধ্বনি
জাগছে মোমিন লোক
কারো ঘরে চলছে রোদন
মানুষ মরার শোক।
শিশির ভেজা ঘাসের বুকে
মুক্তো দানা জ্বলে
ধ্বলকুয়াশার আঁচল থেকে
উড়ছে ধোঁয়া জলে।
আঁকতে পারি
সাকী মাহবুব
রং তুলিতে আঁকতে পারি
গ্রাম শহর নগর
রঙ-তুলিতে আঁকতে পারি
শাপলা শালুক টগর।
রঙ-তুলিতে আঁকতে পারি
ভোরের রাঙা রবি
রঙ-তুলিতে আঁকতে পারি
গাঁও গেরামের ছবি।
রঙ-তুলিতে আঁকতে পারি
হাওড় -নদী বেশ
রঙ-তুলিতে আঁকতে পারি
আমার বাংলাদেশ।
গাঁয়ের নদী
শরিফ আহমাদ
শীতের দিনে গাঁয়ের নদীর
যায় শুকিয়ে জল
কিচিরমিচির মিছিল নিয়ে
আসে পাখির দল।
নদীর বুকে চর দেখা যায়
চোখে ভাসে মাছ
মাছরাঙা বক পেট পুরে খায়
যায় দেখিয়ে নাচ।
বালুর ভেতর উঁকি মারে
কচি ঘাসের মুখ
আলতো করে শিশির ছোঁয়া
বুকে জাগে সুখ ।
ডাঙায় তোলা নৌকা যেনো
নদীর গলার হার
শীতের দিনে যায় ছড়িয়ে
রূপ আলাদা তার ।
নকশীকাঁথা
লাবনী খানম
মাগো আমার কোমল হাতে
বুনতো নকশী কাঁথা,
কী অপূর্ব দৃশ্য তাতে
আরও স্বপ্ন গাঁথা।
শিল্প মনে আঁকতো আহা
ময়ূরপঙ্খী ছবি,
ঊষালগ্নে উঠতো ফুটে
রক্ত রাঙা রবি।
জবা-গাঁদা কাঁথার মাঝে
রঙিন সুতোয় ফুটে,
স্মৃতির পাতায় হলো অম্লান
সকল বাধা টুটে।
মায়ের যত হৃদয়ের রঙ
কাঁথায় পাই গো খুঁজে,
সবুজ-শ্যামল গাঁ...প্রকৃতি
আঁকছে ক্যামন বুঝে?
জীবন মানে
শামীম হোসেন
জীবন মানে জটিল পথে
সাহস নিয়ে চলা,
জীবন মানে ভালো-মন্দ
সহজ করে বলা।
শিশুর কাছে জীবন মানে?
জীবন মানে পানি,
বই পড়েছি আর লিখেছি
এতটুকুই জানি।
জীবন মানে চশমা খুলে
সবে ঝাপসা দেখা,
জীবন মানে ব্যর্থ হয়ে
নতুন করে শেখা।
জীবন মানে অতি সহজ
কচু পাতার পানি,
হঠাৎ করে যাবেই ঝরে
সহজভাবে মানি।
নতুন বছর
মিজানুর রহমান
নতুন বছর আসলো আবার
আসলো নতুন হাওয়া,
দুঃখ ভুলে নতুন জীবন
ফের হলো রোজ পাওয়া।
অতীত বছর বিদায় থেকে
শিক্ষা নিয়ে চলি,
শুদ্ধ পথের সঠিক দিশার
কথা যেনো বলি।
ঝগড়াঝাটি হিংসা থেকে
চাই পানাহ চাই প্রভু,
আমরা যেনো বাকি জীবন
পাপ না করি কভু।
নতুন বছর
জোবাইদুল ইসলাম
নতুন বছর আসছে শুনে
হাসছে পাখি-ফুল
ঘুছে যাবে আছে যত
দুঃখ-ব্যথা-ভুল।
বদলে যাবে পুরোনো সব
জীবন লেখার খাতা
আয়ু থেকে ঝরে যাবে
একটি জীবন পাতা।
হাসি-খুশি কাটবে বছর
এই তো হবে আশা
সবার প্রতি বাড়বে আরো
শ্রদ্ধা-ভালোবাসা।
নতুন বছর আসছে শুনে
খুশি সবার মন
সেই খুশিতে গুনছে প্রহর
আসবে কবে ক্ষণ?
