টাট্টু
আহমদ আমিন
টাট্টু নামের ঘোড়ায় যখন
জাইসি সোনা চাপল
ছোট্ট জেনির মনটা কেমন
ভয়ের চোটে কাঁপল।
ঘর্ট ঘর্ট ছুটছে ঘোড়া
কী ভয়ানক শব্দ
ড্রয়িং রুমেই পাঁচটা হাতি
খুরের ঘায়ে জব্দ।
ছুটছে ঘোড়া উঠছে ধুলো
মেঝের মাদুর ছিঁড়ল
জব্দ হাতি পাঁচটা তখন
টাট্টুটাকে ঘিরল।
পাঁচটা হাতি আনল ডেকে
সাতটা হাতির বাচ্চা
জাইসি আমার ঘোড়ার পিঠে
বীরের মতো সাচ্চা।
সাতটা হাতি তিড়িং বিড়িং
নতুন লড়াই বাধল
ছোট্ট জেনি ভয় পেয়ে খুব
একটু তখন কাঁদল।
ভয় পেয়ো না ছোট্ট জেনি
ভাইয়ের সাথে টাট্টু
সাতটা তো রে পুঁচকে হাতি
ভাঙবে এদের হাঁট্টু।
টাট্টু ঘোড়া টাট্টু ঘোড়া
টগবগিয়ে উঠল
ছোট্ট জেনির মুখে এখন
হাসির রেখা ফুটল।
ঘোড়ার পিঠে জাইসি সোনা
ডাক ছেড়েছে হুররে
সাতটা হাতির শুঁড়ে লাগে
টাট্টু ঘোড়ার খুর রে।
এমনি করে পাঁচটা হাতি
সাতটা হাতি ভাগল
বনের হাতি বনে গিয়ে
কী যে ভীষণ রাগল!
ছোট্ট জেনি টাট্টু এবং
ভাইয়ের সাহস দেখল
আব্বু তাদের ছড়ায় ছড়ায়
সেই কাহিনী লিখল।
