বরফের তৈরি হোটেলের কথা শুনলে যে কেউ আশ্চর্য হতে পারে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, সুইডেনের জুকাসজারভিতে প্রতি বছর গড়ে তোলা হয় বরফের তৈরি হোটেল।
উত্তর মেরুর ১২৫ মাইল উত্তরে রয়েছে বরফের হোটেলটি। এই হোটেলের ছাদ, দেয়াল, মেঝে অর্থাৎ সবকিছুই বরফের তৈরি। এমনকি খাট, টেবিল, চেয়ার ইত্যাদি আসবাবপত্রও বরফের তৈরি।
অক্টোবরে প্রকৃতির তাপমাত্রা যখন শূন্যের নিচে নেমে যায় তখনই এর নির্মাণকাজে হাত দেয়া হয়। বিশেষ পদ্ধতিতে মাইলখানেক দূরের টরন নদী থেকে পাইপের মাধ্যমে পানি টেনে আনা হয়। এরপর বিশেষভাবে তৈরি লোহার ছাঁচে ফেলে এই পানি জমাটবদ্ধ করা হয়। হোটেলের কাঠামো তৈরি হয়ে গেলে শুরু হয় আসবাবপত্র সাজানো এবং অন্যান্য অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ। মোটামুটি দুই মাসের মধ্যে কাজগুলো সম্পন্ন করে ডিসেম্বরে সবার জন্য এই হোটেল উন্মুক্ত করে দেয়া হয়।
প্রতি বছর এই বরফের হোটেল নির্মাণে প্রয়োজন হয় এক হাজার টন রবফ। গরম কাপড় পরা থাকলে খুব স্বাভাবিক এবং আরামে থাকা যায় এই হোটেলে। হোটেলের মধ্যে তাপমাত্রা ১৬ থেকে ২৪ ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা নির্ভর করে বাইরের প্রাকৃতিক অবস্থার ওপর। মে মাসে এটি আস্তে আস্তে গলে পড়তে থাকে। তখন আর এর কোনো আকর্ষণই থাকে না। প্রতি বছর কয়েক হাজার দর্শক এটি দেখতে বা রাত্রিবাস করতে আসে জুকাসজারভি। ঋতু বদলের পর আবার গড়ে তোলা হয় নতুন করে। অবশ্য পুনর্নির্মাণের সময় এর নক্সা বা ডিজাইনের কিছুটা হলেও হেরফের হয়।
