এক হাতে নিত্য শঙ্কার ডালি, আর নিয়ে
তিমির অন্ধকারে প্রজ্জ্বোলিত ফুরকান হাতে
হেরা হতে নেমে এসে ধ্যানের পুরুষ-

মহাযাত্রার প্রত্যুষে ঘোষণা করলেন:
“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”।

বজ্রের সাথে বজ্রের সংঘর্ষের মতো দুলে উঠলো
মরুর ধূলো, সমুদ্রের নীল, গাছের পাতা-

জড়ো পাথরের সর্দারেরা বিপুল আয়োজনে
ক্রোধের নৃত্য সাজায় দেখো ওই মক্কার মারকাজে।

অলিতে-গলিতে মুক্তির মিছিলে
দল বাঁধে ভুখা-নাঙ্গা, হাবাশী গোলাম
শপথের গান গায় আহাদ আহাদ আহাদ...।

বোনের সুমধুর সুরালোকে পদানত হলো
ওমরের তূর্য তরবারী- তায়েফের রক্ত ঘাম ক্লান্তি
মুছে দেয় আদ্দাসের শরবত...

শিবে আবি তালিবে তিন বছরের যাতনা
বদরের প্রান্তরে উড়ালো দেখো বিজয় নিশানা।

ওহুদে লোহুতে শহীদী দান্দান
কেঁদে কেঁদে বলে- “সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”।