শেখ হাসিনা পালানোর সাথে সাথে একটি দলের মৃত্যু ঘটেছে। তিনি নিজ দেশে ফিরে এসে আবার দলের হাল ধরবেন এমন সম্ভাবনা নেই বললেই চলে। শেখ হাসিনা জানতেন দেশের সকল রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা ধ্বংস করে নিজেই বাঘের পিঠে সওয়ার হয়েছেন। এখান থেকে নেমে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু অথবা পূর্ব নির্ধারিত এস্কেপ রুট ব্যবহার করে পালানো ছাড়া আর কোনো বিকল্প হাতে নেই। একটি দলের দীর্ঘদিনের নেতা যখন স্বৈরাচারী হয়ে অবশেষে নিজ জীবন বাঁচাতে পালিয়ে যান, তখন তার জীবন হয়তো সাময়িকভাবে বেঁচে যায়; কিন্তু তার দলের মৃত্যু হয়।
এমনটাই বিশ্লেষণ করা হয়েছে ‘শেখ হাসিনার পতনের নেপথ্যে’ বইটিতে। বইটি লিখেছেন প্রখ্যাত বিজ্ঞানী ড. আব্দুল হাকিম মণ্ডল। যিনি ড. নিম হাকিম নামে দেশ ও বিদেশে অধিক পরিচিত।
একজন প্রকৃতিপ্রেমী হার্বাল বিজ্ঞানী নিম হাকিম তাঁর জীবনের প্রায় পুরোটা সময় ব্যয় করেছেন প্রকৃতি, গাছ, লতাপাতা নিয়ে গবেষণায়। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চরবহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, ওয়াশিংটন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি, পারমাকালচার ইনস্টিটিউট অব অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড থেকে পারমাকালচার গ্র্যাজুয়েট, ক্লেটন কলেজ অব ন্যাচারাল হেলথ, আলাবামা ইউএসএ থেকে হার্বালিস্ট এবং ইকোলজিক্যাল সলিউশন অস্ট্রেলিয়া থেকে ইকোলজিক্যাল টাউন প্লানিং বিষয়ে পড়াশোনা করেছেন।
নিজে রাজনীতি না করলেও রাজনৈতিক বোদ্ধা ড. নিম হাকিম ন্যাচারোপ্যাথি ও পারমাথেরাপি নামক চিকিৎসা বিজ্ঞানের এক নতুন স্থায়ী নিরাময় পদ্ধতির উদ্ভাবক যা বাংলাদেশ সরকার কর্তৃক কপিরাইট প্রাপ্ত।
বইটি প্রকাশ করেছে আগামী নিউজ লি:। প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ্র। প্রকাশ হয়েছে গত ডিসেম্বরে। গ্রন্থস্বত্ব ড. নিম হাকিম। আলাদা কভার ছাড়াও বোর্ড বাঁধাই করা কভার ও অফসেট পেপারের ২৬৭ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ছয় শ’ টাকা।