রাষ্ট্র নেতার বসলো সভা বসলো চাঁদের দেশে
খোশ মেজাজে আছেন সবাই বলছে কথা হেসে।
পাতি নেতার প্রস্তাবনা করবে ভূমি ভাগ
সব রাষ্ট্র সমান হবে এটাই অনুরাগ।

পশ্চিমা এক নেতা বলেন কাজের বেলায় ফাঁকি
ভূমির চেয়ে মানুষ বেশি কোথায় তাদের রাখি।
নেতায় নেতায় হচ্ছে কথা আমলা বসা পিছে
ফিস ফিসিয়ে বলছে কথা ওদের কথা মিছে।

হতে পারে রাষ্ট্র সমান বাঙালিদের কী
দুধের বদল রক্ত দিয়ে বানায় গাওয়া ঘি।
পাশের দেশের সচিব বলেন যতই ওদের মারি
সীমান্তেরই কাঁটাতারে ঝুলতে বানায় বাড়ি।

বাংলাদেশের সচিব বাবু যুক্তি দিয়া কয়
চুক্তি হলে বাড়বে ভূমি মানুষ হবে ক্ষয়।
ধমক দিয়া নেতা বলেন বোঝাও কথার মানে
সচিব বাবু কাচুমাচু উত্তরও সে জানে।

ভূমির চেয়ে বাংলাদেশে জনসংখ্যা বেশি
অন্য দেশের ভূমি পেলেও হারাইবো এই দেশি।
নেতা এবার বেজায় খুশি হাসতে হাসতে বলেন
জনসংখ্যা কমবে দেশের অন্য দেশে চলেন।