এই যে সোনারোদে ডুবু ডুবু আঙিনা
দখিনে কাঁঠালগাছের ছায়ায় একটি কুকুর
রোজ দুপুরে বিশ্রাম নিতে এসে
মুহূর্তে ঘুমিয়ে পড়ে;
যেন আমার মতো কান্তিতে জবুথবু!
আঙিনার পুবে কোল ঘেঁষে সরষে ফুলের রঙে
হলুদ গাঁদারা তারার মতো মিটমিট জ্বলে,
পশ্চিমের উদাস পুকুরের দিকে
দীর্ঘক্ষণ তাকালে মনে হয়Ñ
দূরের ঐ ধু ধু মাঠ পেরোলে মক্কায় পৌঁছে যাবো!
গোধূলির অলস আলোয় ভিজতে ভিজতে মনে হয়Ñ
ঐ দূরে কেউ বুঝি ডাকছে!
মন হারিয়ে ফেলা মন নিয়ে রাতকেÑ
বড় বেশি দুর্ভেদ্য লাগে!
মনে হয় কালকের সকাল দেখা হবে না আর।
সোনারোদে ডুবু ডুবু আঙিনা, ঘুমন্ত কুকুরটা
হলুদ গাঁদা আর উদাস পুকুর;
আমি না থাকলে অমন করে কে দেখবে!