সামাজিক-রাজনৈতিক সঙ্কটে শেষ পর্যন্ত মানুষ আশ্রয় নেয় সাহিত্যের কাছে। বিপন্ন মানবতা নতমুখে দাঁড়ায় সাহিত্যের কঠিন-প্রতিরোধপ্রবণ দরজায়। আবার সাহিত্য মানুষকে চিন্তার, কল্পনার ও পরিকল্পনার উন্নত স্তরে যেতে সহায়তা করে। কাজেই সাহিত্যের প্রয়োজন আমরা ভুলে থাকতে পারি না। এড়িয়ে চলা তো প্রায় অসম্ভব। একটা নীরব স্রোতের মতো সাহিত্য তার ছায়া ও শক্তি নিয়ে হাজির থাকে সমাজে ও রাষ্ট্রে। অবস্থান নেয় মানুষের মনে ও চেতনায়। বছরব্যাপী সাহিত্যের নানান আয়োজন-উদ্যোগ-উৎসব অনেক সময় আমাদের জন্য বিপুল প্রণোদনা বয়ে আনে; নতুন করে বাঁচার, উঠে দাঁড়ানোর সাহস জোগায়। এসব কথা মনে রেখে সাজানো হয়েছে এই নিবন্ধের কথামালা। ২০১৮ সালে বিশ^ব্যাপী সাহিত্যের গতি-প্রকৃতি খানিকটা স্পর্শ করা, পেছন ফিরে তাকানোর সামান্য প্রয়াস থাকবে বর্তমান নিবন্ধে।

যে পুরস্কার দেয়া হয়নি : পুরস্কারের জন্য লেখকেরা কলম চালান, তা কিন্তু নয়। তবে সাহিত্যচর্চার জন্য কেউ কেউ পেয়ে থাকেন পুরস্কার। বিশে^র সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার নোবেল প্রাইজ। ২০১৮ সালে নোবেল দেয়া হয়নি। আলোড়ন সৃষ্টিকারী ‘মি টু’-এর প্রভাব পড়েছে সুইডিশ অ্যাকাডেমিতেও। অ্যাকাডেমির কোনো কোনো সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি এবং আর্থিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমি এবার সাহিত্য পুরস্কার প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাকাডেমির ফটোগ্রাফার আর্নল্ডের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ছাড়াও গোপন তথ্য ফাঁস করার অভিযোগ ওঠে। সাহিত্য নোবেলের একাধিক খবর ঘোষণার আগেই তিনি প্রচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এবারের পুরস্কারটি বাতিল হয়নি। স্থগিত করা হয়েছে। ২০১৯ সালের পুরস্কারের সাথে ২০১৮ সালের জন্যও পুরস্কার দেয়া হবে। অন্য দিকে শর্টলিস্টের লেখকদের আপত্তির কারণে স্থগিত হয়েছে কানাডার ‘প্রি লিতেরায়া দে কলেজিয়া’ নামের একটি সাহিত্য পুরস্কার। অনলাইন প্রকাশনা জগতের জায়ান্ট আমাজনের স্পন্সরশিপে এই পুরস্কার দেয়া হচ্ছে ২০০৩ সাল থেকে। কানাডার লেখকদের ফ্রেঞ্চ ভাষায় লেখা বইয়ের জন্য এই পুরস্কারটির অর্থমূল্য তিন হাজার ডলার। প্রাথমিকভাবে বাছাইকৃত পাঁচটি বই থেকে সেরাটি নির্বাচন করা হয় কয়েক শত ছাত্রের সমন্বয়ে গঠিত জুরিবোর্ডের মাধ্যমে। আমাজন লেখক ও ক্ষুদ্র প্রকাশকদের নানাভাবে ক্ষতি করছে বলে অভিযোগ করে এবারের শর্টলিস্টে থাকা লেখকেরা এই পুরস্কারের স্পন্সর পরিবর্তনের দাবি তোলেন। পরে কর্তৃপক্ষ পুরস্কার স্থগিত করে।

কোন পুরস্কার কার হাতে : ‘জেনসভাইল : আ আমেরিকান স্টোরি’ শিরোনামের নন-ফিকশনের জন্য এ বছর মার্কিন লুকাস পুরস্কার পেলেন অ্যামি গোল্ডস্টেইন। মার্কিন লেখক জোয়ান সিলবারের ‘ইমপ্রুভমেন্ট’ নভেলটি এবার ১৫ হাজার ডলার অর্থমূল্যের পেন/ফকনার পুরস্কার পেয়েছে। বইটি এর আগে ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল প্রাইজ পায়। ফিলিস্তিনি উপন্যাসিক ইব্রাহিম নসুরুল্লাহ ‘দ্য সেকেন্ড ওয়ার অব দ্য ডগ’ গ্রন্থের জন্য এবার ‘ইন্টারন্যাশনাল প্রাইজ ফর আরব ফিকশন’ (আইপিএএফ) পুরস্কার লাভ করেছে। ভাষা ও সাহিত্যে এবারে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’ লাভ করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, হায়াৎ সাইফ, সুব্রত বড়–য়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী। ২০১৮ সালে সিটি আনন্দ আলো পুরস্কার পেয়েছেন মিষ্টি মারিয়া। তাঁর ‘কন্যা’ প্রথম বই ক্যাটাগরিতে এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। এ বছর প্রথমবারের মতো ‘শব্দভূমি সাহিত্য সম্মাননা’ প্রদান করেছে শব্দভূমি প্রকাশনা। কবি আসাদ চৌধুরীকে আজীবন সম্মাননা, ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীবকে এবং ‘আমি কাঞ্চনজঙ্ঘা দেখিনি’ উপন্যাসের লেখক ফাহমিদুল হান্নান রূপককে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা। কথাসাহিত্যে অবদানের জন্য একজন প্রবীণ ও একজন নবীন লেখককে পুরস্কার দিয়ে থাকে পাক্ষিক পত্রিকা অন্যদিন। হুমায়ূন আহমেদ স্মরণে প্রবর্তিত ‘এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ এবার দেয়া হয়েছে রিজিয়া রহমান ও ফাতিমা রুমিকে। বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ^বিদ্যালয় সেপ্টেম্বরে ১০ সমাবর্তন অনুষ্ঠানে ডিলিট উপাধী দিয়েছে কথানির্মাতা হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে।

বইমেলা : বইয়ের মেলা এখন পৃথিবীজুড়ে যেন সংস্কৃতির একটা বিরাট অংশ হয়ে দাঁড়িয়েছে। ‘ফেইরা লিভরো লিসবোয়া’ বা লিসবন বুক ফেয়ার বেশ তাৎপর্যপূর্ণ বইমেলা। ২৫ মে থেকে ১৩ জুন পর্যন্ত ২০ দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার ১২৫টি দেশের প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। লিসবনের সাথে বাঙালির পরিচয় একটু পুরনো। রোমান হরফে লেখা বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ এই লিসবস থেকেই ছাপা হয়েছিল। আর পর্তুগিজরা বাণিজ্য করতে ভারতবর্ষে এসেছিল বহু আগে। প্রায় মাসব্যাপী বইমেলা বাংলাদেশ আর পর্তুগাল ছাড়া পৃথিবীর অন্য কোথাও হয় না। সম্প্রতি সমাপ্ত হয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বইমেলা। এই মেলার বিশেষত্ব হচ্ছেÑ তা একই সাথে ইন্দোনেশিয়ান সাহিত্যকেও প্রমোট করে। এবারের মেলায় তিনটি ক্যাটাগরিতে ইন্দোনেশিয়ান রাইটারদের বই পুরস্কার জিতে নিয়েছে। স্থানীয় ভাষায় প্রকাশিত বইগুলো দুই দেশের পাঠকের কাছে সমান জনপ্রিয়। কলকাতায় ১ নভেম্বর থেকে ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ১৯তম বাংলাদেশ বইমেলা। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সাহিত্যের সম্পর্ক ও বাজার সম্প্রসারণে এই মেলা বিশেষ অবদান রেখে চলেছে।

আয়োজন ও উৎসব : ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ৩২তম আইপিএ কংগ্রেসে। আইপিএ (ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন) প্রকাশনা শিল্পের সমস্যা, সম্ভাবনা, প্রযুক্তির প্রয়োগসহ নানান বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকে। ১০-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এবারের কংগ্রেসে ‘আধুনিক বিশে^ প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ ও প্রকাশকদের ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা’, ‘তরুণ পাঠক উৎসাহিতকরণ’, ‘পাইরেসির বিরুদ্ধে করণীয়’, ‘ডিজিটাল যুগে প্রকাশনার স্বাধীনতা’, ‘প্রকাশনা শিল্পের সুযোগ ও ঝুঁকি’ প্রভৃতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকায় বাংলা একাডেমিতে অমর একুশে গ্রন্থমেলা চলাকালে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সাহিত্য’। সম্মেলনে ছয়টি দেশের শতাধিক সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ অংশগ্রহণ করেছেন। ‘কবিসংসদ বাংলাদেশ’ এবার সমুদ্র সৈকত কুয়াকাটায় আয়োজন করে দশম বাংলা সাহিত্য সম্মেলন। এই সম্মেলনে কবি জীবনানন্দ স্মরণে বিশেষ পুরস্কার দেয়া হয়। ‘সাহিত্যই সংযোগ’ সেøাগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো ‘দিনাজপুর সাহিত্য উৎসব ২০১৮’। এই উৎসবের বিষয় ছিল ‘সাম্প্রতিক বাংলা কবিতার বাকবদলের নিরীক্ষা ও গতিপ্রবণতা’। ৩১ আগস্ট ২০১৮ ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ শিরোনামে কবিতা পাঠের আসর বসে। দেশের নানা প্রান্ত থেকে কবিরা এখানে সমবেত হন। ঢাকা লিট ফেস্ট নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে। এর প্রধান ভেন্যু ছিল বাংলা একাডেমি। এতে ১৫টি দেশের খ্যাতিমান সাহিত্যিক, চিন্তাবিদ, সাংবাদিক, প্রকাশক, অভিনয়শিল্পী, মানবাধিকার কর্মীরা যোগ দেন। এই ফেস্টিভালে বিজ্ঞান, সমকালীন বিশ^, সাম্প্রতিক মি টু আন্দোলন, বিশ^ রাজনীতিসহ সাহিত্য শিল্পের নানান বিষয় নিয়ে ৯০টি সেশনে আলোচনা হয়।

বিশেষ ঘটনা বা খবর : ফরাসি লেখক প্রুস্তের ‘সোয়ানস ওয়ে’ নামের একটি পুরনো উপন্যাস ২০১৮ সালে ১৫ লাখ ইউরোতে নিলামে বিক্রি হয়েছে। এই বইয়ের বিশেষত্ব সম্পর্কে মন্তব্য করা হয়েছে এভাবেÑ ‘এই গ্রন্থে রয়েছে উপন্যাসের ভেতরে আরেক উপন্যাস।’

সুইডিশ একাডেমির সদস্যদের যৌন ও অন্যান্য কেলেঙ্কারির পর সুইডিশ সোসাইটির ১০০ সদস্য ‘নিউ একাডেমি প্রাইজ’ গঠন করেন। প্রকাশ্যে ভোটের মাধ্যমে এই পুরস্কারের জন্য লেখক নির্বাচনের বিধান রাখা হয়েছে। মেরিস কোঁদে এবার পেয়েছেন ‘নোবেলের বিকল্প’ এই পুরস্কার। জার্মানির ফ্রাঙ্কফুট বইমেলায় বাংলাদেশী লেখক শায়রা আফরিদা ঐশীর ‘অন ডেজ লাইক দিজ’ শিরোনামের কাব্যের উন্মোচন করা হয়। রবীন্দ্রনাথের স্বাক্ষরসংবলিত একটি বই যুক্তরাষ্ট্রে নিলামে উঠেছে। ‘দ্য কিং অব দ্য ডার্ক চেম্বার’ শিরোনামের বইটি রবিঠাকুরের নাটক ‘রাজা’র ইংরেজি অনুবাদ। ১৯১৬ সালে ম্যাকমিলান সংস্থা থেকে এর বোলপুর সংস্করণ প্রকাশিত হয়। বইটির ভূমিকার পাতায় ফাউন্টেন পেনে রবীন্দ্রনাথের স্বাক্ষর রয়েছে। হাসপাতালে রোগীর নিঃসঙ্গতার সাথী হতে পারে বইÑ এ ধারণা থেকে বাংলাদেশে প্রথম হাসপাতাল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৈরি হয়েছে এই লাইব্রেরি। দীর্ঘ প্রায় সাত মাস বাংলা একাডেমির মহাপরিচালকের পদটি শূন্য থাকার পর গত ২০ ডিসেম্বর নিয়োগ পান কবি হাবীবুল্লাহ সিরাজী। তিনি প্রথম কোনো কবি যিনি এই পদের দায়িত্ব পেলেন।

যারা চলে গেলেন : অস্কারজয়ী মার্কিন চিত্রনাট্যকার গোল্ডম্যান ৮৭ বছর বয়সে মারা গেছেন। ব্রিটিশ ঔপন্যাসিক পেনি ভিনসেনজি এবং মার্কিন কবি ও শিক্ষাবিদ লুসি ব্রক ব্রয়ডোর মৃত্যু হয়েছে গত মার্চে। ‘দ্য ওয়েট অব ওয়াটার’ খ্যাত ঔপন্যাসিক আনিটা শ্রিভ ৭১ বছর বয়সে ২৯ মার্চ মৃত্যুবরণ করেন। লেবাননের কথাশিল্পী ও নারী অধিকার কর্মী এমিলি নাসরাল্লাহ ১৪ মার্চ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ২ এপ্রিল ইন্তেকাল করেছেন মিসরের ফিকশন রাইটার খালেদ তৌফিক। বাংলাদেশের কবি ও অনুবাদক বেলাল চৌধুরী গত ২৪ এপ্রিল শেষ নিঃশ^াস ত্যাগ করেন। প্রাণ হারিয়েছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত চলচ্চিত্রকার ও কথাশিল্পী আমজাদ হোসেন। গত ১৪ অক্টোবর তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
নানা চড়াই-উৎরাই আর প্রাপ্তি ও হতাশার ভেতর দিয়ে আমরা পার করি একটি ক্যালেন্ডার বছর। ঘরের দেয়াল বা টেবিল থেকে পুরনো ক্যালেন্ডার সরিয়ে বসিয়ে দিই নতুন নতুন তারিখে ভরা রঙিন রঙিন পাতা। শুরু হয় জীবনের আরেক অধ্যায়। এক অধ্যায় থেকে এই যে আরেক অধ্যায়ের দিকে প্রবল অভিযাত্রা, এর অন্তরালে লুকিয়ে থাকে আমাদের না-বলা কথা। কিছু অর্জনও আমাদের থাকে বটে। থাকে কিছু ব্যর্থতার গল্পও। সব মিলিয়ে আলো-আঁধারির মধ্যে মানুষের যে জীবন, তার বাঁক ও মোড় সাহিত্য ধারণ করে নিবিড়ভাবে। সেই নিবিড়তা হতে পারে মানুষের শেষ ঠিকানা। হ