কবিতার ভাবনায় কবি খেলে
খেয়ালের চাল
চরণে চরণে ছত্রে ছত্রে ফুটিয়ে তোলেন
নিন্দুকের রেশমি নেকাব
মৃত্যুর গিরিখাদ অতিক্রম করে
আত্মিক গরিমায় কবি তুলে আনেন
সত্যের বাণী
ভালোলাগা ভালোবাসা সে তো
বহুকাল আগেই নিরুদ্দেশ

মানবিক ভাঙচুর
কবি অবলীলায় মেলাতে থাকেন
মনের বদল মন
চেতনার বদল চেতনা
উপমা অলঙ্কার চিত্রকল্প আর নন্দনতত্ত্বের
তাত্ত্বিক বিশ্লেষণে ফুটিয়ে তোলেন
প্রকৃতির অপার মুগ্ধতার ছান্দসিক রঙ
রূপকের আশ্রয়ে শালীন প্রতিবাদই
হয়ে ওঠে কবিতার প্রাণ

খানাপিনা লেনাদেনা সব কিছু পিছে ফেলে
কুমারের সুঃনিপুণ কারুকার্যে
কবি আঁকেন ধ্যানমগ্ন পৃথিবী
ক্ষুধা দারিদ্র্য আর পাপাচারমুক্ত স্বদেশ
দৃষ্টিমান নিখুঁত শান্তির অভয়াশ্রম।