একদিন শিমুল ফোটার শুভক্ষণে কৃষ্ণচূড়ার লাল মেলা বসেছিল যেখানে,
সেখানে ওদের তাজা রক্তের কাছে ম্লান গিয়েছিল নিঃসর্গের সব লাল !
বিপুল বৈভবে বাংলার ভেজা মাটি
লাল শোনিতে পোস্টার হয়ে জ্বলছিল।
সেদিন আসে প্রতিদিন প্রতিবার-
বাংলার ঘরে ঘরে হৃদয়ের কুঠুরিতে
পলাশে পলাশে রঙিন হয়ে।
শিমুল পলাশ আজো ফোটে;
শহীদের আর্তিতে ছড়িয়ে থাকে
জড়িয়ে রাখে ফাগুনের ফরাসে এই মাটির বুক।
তথাপি বেদনানীল ফুলের কাফনে
ওরা মূক, স্থবির, নিষ্পন্দ, নিঃসাড়!
কখনো বা জেগে ওঠে বিপরীত উচ্চারণে,
পুষ্পার্ঘ্য ছুড়ে ফেলে দাঁড়ায় এসে অনুজের মিছিলে;
পোস্টার আর স্লোগান রূপে জ্বলে ওঠে
সম্মুখে পথিকৃৎ।
