আমি সুসজ্জিত মৎস্য কুমারী বাংলাদেশ
অ্যাকুরিয়ামের ঝলমল আলোতে ক্ষুধার্ত মধ্যাঞ্চল
শরীরে ছোপ ছোপ ধর্ষণের ক্ষত
ফুলকার লালিমা কাফনের সাদা
অত্যাচারের বড়শিতে ঝুলে আছে জিহ্বা
তবু
আমার রঙিন আঁশ নিয়ে কবিতা লেখে সুযোগ সন্ধানী কবি
রঙিন পাখনা দেখিয়ে সৌন্দর্যের বর্ণনা করে চাটুকার বুদ্ধিজীবী
দেহের উন্নয়ন দেখায় গণতন্ত্রের শেয়াল
কিন্তু আমার ক্ষুধা নিয়ে কেউ কথা বলবে না
অক্সিজেনের অভাবে আমার শ্বাস রুদ্ধ হয়ে আসছে
ক্ষুধার তীব্রতায় শরীর শ্লথ হয়ে আসছে
পেটের সোনালি ডিমগুলোর চোখ নিভে আসছে
দেহ-মনের ক্ষত সারাবার নেই উপযুক্ত হেকিম
আমি পারছি না বাঁচতে... আমি পারছি না...

আমাকে সীমাহীন জল দাও আর নিঃশ্বাসের বিশ্বাস দাও
বন উজাড় করা মাঠে পোড়া মাটির আর্তচিৎকারে
আমার কলিজা ফেটে যায়...
আমাকে বাঁচতে দাও বাঙালি
আমি মৎস্য কুমারী বাংলাদেশ।