দৃষ্টিহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি মাছির মতো
কুসুম হৃদয়ে জেগে ওঠে ঘ্রাণমুগ্ধ শিহরণ
তুমি কখনো চোখের সাঁকো পার হয়েছ?
কতটা দীর্ঘ সে পথ দেখেছি আমি ঝড়ো বৃষ্টিতে
সোহাগের ফসলে পতঙ্গের উচ্ছ্বাসে বর্ষা নামে
তুমি বর্ষাকে নামতে দাও
সকালের মতো নেমে আসুক রাতের নাভি চুসে
অথবা ঘাসফড়িঙের মত লাফিয়ে আসুক ধান পাকা রোদে
সরোদের ম্রিয়মাণ তান লাগে দুপুরের জিহ্বায়
চেটে চেটে খেয়ে নেয় একটা আস্ত বিকেল
বিকেলের পেটে তখনো লেগে আছে দুপুরের কামার্ত গন্ধ
সে গন্ধের সাথে ক্রমাগত মিশে যায়
তোমার চোখের মণির মতো ধূসর সন্ধ্যা
আমি তখনো হাত মেলে থাকি প্রার্থনায়
যেন ফিরে পাই তোমার এক ফালি জোছনা।
