ছেঁড়া কাঁথার মতো কিছু মেঘ নক্ষত্র গোনে
যেমন আমরা গুনি প্রেয়সীর সুন্দর হাসি
বাতাসের কলরোলে নিভে যায় জোনাকির রোশনি
আর হুঁকোয় টানা ধোঁয়ার সাথে মিশে যায় দুঃখ
হৃদয়ের চৌহদ্দি পেরিয়ে জমাট রক্তের শহরে
লুচির কড়াইয়ে নেচে ওঠে জনতার কণ্ঠধ্বনি
মুক্তি চাই... মুক্তি চাই...
আমাদের কর্তারা ভয়ার্ত-সংশয়ী
বরফ এবং আগুন নিয়ে দাঁড়িয়ে থাকে
আর আমি লিবার্টি অব স্ট্যাচুর মশাল হয়ে
দাঁড়িয়ে থাকি প্রভুদের রন্ধনশালায়।