মুখখানা নত করে যখন এই
মাটি মার দিকে তাকাই
তখন খুব ভালো লাগে।
আমি গাছ নই -
তবু মনে হয়
এর ভেতরে গভীরে আমার
জন্মান্তরের শেকড় পোতা।
আমি কত দিন ধরে
এখানে দাঁড়িয়ে আছি।
আসলে আমার এই জীবনটা
এই সোঁদা মাটিরই গল্প।
মৃত্যুর গল্পটাও যেন
এই মাটিকে ঘিরে হয়।
তীব্র ঝড়ের মতন
ইচ্ছের বাতাস বয়ে যায়।