জুলাই নিয়ে বিভক্তি সৃষ্টি হলে পুরনো রাজনৈতিক শক্তিগুলো আবার সুযোগ নিতে পারে এমন আশঙ্কার কথা তুলে ধরে খ্যাতিমান কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করছে আজকের তরুণদের ওপর। জুলাইয়ের আন্দোলন ও পরিবর্তনের পক্ষে থাকা তরুণদের নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে হবে। 
শনিবার  সকালে আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ফল সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের অন্যতম সদস্য প্রফেসর ড. মোজাম্মেল হক ও প্রফেসর ড. এম উমার আলী। 
বিশেষ অতিথি আবদুল হাই শিকদার সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বেদনাদায়ক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত থাকবে। তিনি বলেন, “ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করছে আজকের তরুণদের ওপর। যারা জুলাইয়ের আন্দোলন ও পরিবর্তনের পক্ষে ছিল, তাদের মধ্যে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে হবে। বিভক্তি সৃষ্টি হলে পুরনো রাজনৈতিক শক্তিগুলো আবার সুযোগ নিতে পারে।”
স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬-এর আহ্বায়ক মো: মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, রেজিস্ট্রার এ এইচ আবু সাঈদ, ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহউদ্দীন, ভর্তি বিভাগের পরিচালক আবদুল কাদের এবং ছাত্রবিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন। বিজ্ঞপ্তি।