রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীকে আরো বাসযোগ্য, টেকসই, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের সরিত দত্ত গুপ্ত নগর সভাকক্ষে এডিবির ‘নর্থ বেঙ্গল সিটি লিভেবিলিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট ২০২৮’-এর আওতায় প্রকল্পের পরিধি নির্ধারণী এ বৈঠক হয়।
রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় রাজশাহী মহানগরীর টেকসই অবকাঠামো উন্নয়ন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পর্যটন ও আবাসন সুবিধা এবং কার্যকর সুয়ারেজ ব্যবস্থা চালুর বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাসিকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী মো: জসীম উদ্দীন আরজু। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে এবং নগর উন্নয়নমূলক কাজে এডিবির মতো আন্তর্জাতিক সহযোগীদের পাশে থাকা আশাব্যঞ্জক।
এডিবির পক্ষে ওয়াটার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার ও আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র প্রজেক্ট অফিসার মো: এস এ আবদুল্লাহ আল মামুন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অ্যালান থমাস কেলি এবং এক্সপার্ট মো: মোহাম্মদ ইমতিয়াজ শরীফ।
বৈঠক শেষে রাসিকের পক্ষ থেকে অতিথি প্রতিনিধিদলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে রাসিকের সচিব সোহেল রানা, প্রকৌশলী ও স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।