ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় ও জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২৪টি দল অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের বিশ্লেষণী ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে ‘ইকোনথন’ একটি চমৎকার মঞ্চ। কোনো নীতি কেবল কাগজে সুন্দর হলেই চলে না; সেটি বাস্তবায়নযোগ্য কি না, ব্যয় কত এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব কী- তা বিবেচনা করা জরুরি।
ইউআইইউর ভিসি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য কে এম এ শামীম। ইকোনমিকস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: ওমর ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের অর্থনৈতিক যুক্তিবোধ ও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা বাড়াতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৮, ১০ ও ১৭ নম্বর লক্ষ্যের সাথে সম্পৃক্ত। প্রতিযোগিতায় পাওয়ার্ড স্পন্সর ছিল ইউনাইটেড ফাইন্যান্স, প্লাটিনাম ব্র্যাক ব্যাংক, গোল্ড ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ব্রোঞ্জ স্পন্সর বনটন ফুডস। বিজ্ঞপ্তি।



