চট্টগ্রাম অঞ্চলে ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্নের মধ্য দিয়ে দেশব্যাপী নেটওয়ার্কের ব্যাপক আধুনিকায়ন কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করেছে রবি আজিয়াটা পিএলসি।
বৃহৎ পরিসরের এই নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রমের শেষ ধাপে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে আরো শক্তিশালী, নির্ভরযোগ্য এবং ভবিষ্যৎ উপযোগী ‘গিগা গ্রিন’ ৪জি ও ৫জি-প্রস্তুত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য অর্জন করেছে রবি। রোববার চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে অনুষ্ঠিত ‘চট্টগ্রামে রবির ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন উদযাপন’ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
রবির নেটওয়ার্ক আধুনিকায়ন কর্মসূচির আওতায় মাত্র ১৮০ দিনের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের তিন হাজার ৫০০টিরও বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। এ সময়ে গ্রাহকদের সেবায় প্রায় কোনো ধরনের বিঘœ ঘটেনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘চট্টগ্রাম দেশের বাণিজ্যিক প্রবেশদ্বার। এই অঞ্চলে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা বাণিজ্য, শিল্পায়ন এবং স্মার্ট সিটি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: এমদাদ উল বারী বলেন, ‘স্বল্প সময়ে এত বড় পরিসরে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য প্রকৌশলগত অর্জন। সংযোগ ব্যবস্থার উন্নয়নে রবির এই বিনিয়োগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে আরো শক্তিশালী করবে।’ বিজ্ঞপ্তি।