নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি অজ্ঞাত ই-মেইল বার্তার মাধ্যমে গণবোমা হামলার হুমকি দেয়া হয়েছে। গত রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে টপিকেল চাইনিজ ম্যান নামের একটি ই-মেইল অ্যাকাউন্ট থেকে এই হুমকি বার্তাটি পাঠানো হয়। বার্তায় আজ মঙ্গলবার বেলা আনুমানিক ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিতে একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে।
ইমেইল বার্তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে বলা হয়- আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না। হুমকি বার্তাটি পাওয়ার পরপরই ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং সবার সহযোগিতা কামনা করে ই-মেইলটি ফরোয়ার্ড করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান দৈনিক নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির সূত্র ধরে বিষয়টি বর্তমানে ডিবির সাইবার ইউনিট তদন্ত করে দেখছে। তবে প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে পুলিশ কর্মকর্তা জানান, এসব হুমকির কোনো ভিত্তি নেই।
এ দিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বোমা হামলার হুমকির ঘটনাটির নেপথ্য উন্মোচনে পুলিশ ও ডিবির পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থাও কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনার বিস্তারিত বিষয়ে জানতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক যোগাযোগ নম্বরে চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেননি।





