দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রস্থেটিক ও অর্থোটিক সেবা নিশ্চিত করতে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। 
সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো: জিয়াউর রহমান এবং সিআরপি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি এ. টেইলর। 
এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংক তার করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রস্থেটিক ও অর্থোটিক ডিভাইস, পুনর্বাসন সেবা এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদানে অর্থায়ন করবে। এর আওতায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও মানসিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বহুমাত্রিক পুনর্বাসন সেবা দেয়া হবে। 
প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো: জিয়াউর রহমান বলেন, ‘আমাদের কাছে এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তার বিষয় নয়; এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা, স্বনির্ভরতা ও আশাবোধ ফিরিয়ে দেয়ার একটি প্রয়াস। এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের সিএসআর সম্পদ বিনিয়োগের মাধ্যমে আমরা আবারো বিশ্বাসের জায়গাটি তুলে ধরছি যে, প্রকৃত অগ্রগতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নয়, বরং মানুষের ক্ষমতায়ন এবং আরো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যমেও পরিমাপ করা উচিত।’ বিজ্ঞপ্তি।