ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৬৩ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ি ওয়াসা থেকে কাজলা পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসাথে সড়কের ওপর অবৈধভাবে রাখা বিভিন্ন মালামাল অপসারণ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
অভিযানে অবৈধভাবে দোকান পরিচালনা এবং সড়কের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চারটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উচ্ছেদ অভিযানকালে স্থানীয় বিএনপি নেতা নবী উল্লাহ নবী এবং যাত্রাবাড়ী থানার টিআই সাইফুল ইসলাম ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডেমরা পুলিশ ব্যারাকের পুলিশ সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। বিজ্ঞপ্তি।





