সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী জমকালো আয়োজনের সমাপ্তি ঘটে। রোববার ও সোমবার দু’দিনের অনুষ্ঠানে ৭৫ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম দিন সকালে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলী বাহার চা-বাগানে ফটোসেশন। সন্ধ্যায় আয়োজন করা হয় ফুচকা স্টল ও মেহেদি উৎসব। দ্বিতীয় দিন সোমবার সকালে বিদায়ী ইন্টার্নদের মধ্যে সার্টিফিকেট ও মেডেল বিতরণ এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এ সমাপনী আয়োজন। অনুষ্ঠানে ৭৫ জন বিদায়ী ইন্টার্ন চিকিৎসককে প্রশংসাপত্র ও মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়।
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে এবং ডা. খন্দকার তাশরীকা এরিকা ও ডা. চৌধুরী সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালক হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথি ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. অয়েস আহমেদ চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান চৌধুরী এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মাদ গোলাম রব শোয়েব প্রমুখ। সিলেট ব্যুরো।





