২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
আগামী অর্থবছরের জন্য এ খাতে ৭১ হাজার ৯৫১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা বিদায়ী অর্থবছরের চেয়ে ৫ হাজার ৫৫১ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের সময়ে টিভি ও অনলাইনে ক্লাস নেয়াসহ বিভিন্ন পদক্ষেপের কথা বাজেট বক্তৃতায় তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, করোনাকালে শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অনলাইনে ২৯ লাখ ৯ হাজার ৮৪৪টি ক্লাসের আয়োজন করা হয়। মোট ২০ হাজার ৪৯৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৫ হাজার ৬৭৬টি এবং ৪ হাজার ২৩৮টি কলেজের মধ্যে ৭০০টিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইনে মোট ৪ লাখ ৯৭ হাজার ২০০টি ক্লাসের আয়োজন করা হয়। এসব ক্লাসে দুই কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বিদ্যালয় পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য ৪১ হাজার ৫০১ জন শিক্ষার্থীকে সহজ শর্তে ঋণ দেয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষায় ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়, যা চলতি অর্থবছরে (২০২০-২১) বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়, যা চলতি অর্থবছরে ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা। এ ছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষার জন্য ৯ হাজার ১৫৪ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান অর্থবছরে বরাদ্দ করা হয় ৮ হাজার ৩৪৫ টাকা।









