অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দিয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তার যোগদান ও পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় নতুন ভিসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ছাত্র-জনতা প্রাণের মায়া ত্যাগ করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। তারা আমাদের মাঝে পুনর্বার স্বাধীনতা, মুক্তি এবং প্রাণ খুলে শান্তি-স্বস্তির নিঃশ্বাস নেয়ার পরিবেশ ফিরিয়ে এনেছেন। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী পেশাজীবীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজনও আহত হওয়ার কথা উল্লেখ করে তাদের প্রতি সমবেদনা জানান।
সভায় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুর রব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: মোতাহার হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো: লুৎফুল এলাহী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে জাহিদুল ইসলাম, তৌহিদ মোহাম্মদ সিয়াম, আহসান লাবিব, শহীদ ও আহতদের পরিবারের মধ্য থেকে শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী এবং শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা মো: বুলবুল কবির বক্তব্য দেন।





