অভিনয়ের কারিশ্মা দিয়েই বিভিন্ন বয়সের নাট্যপ্রেমী দর্শককে মুগ্ধ করেছেন দর্শকপ্রিয় নাট্যাভিনেতা অ্যালেন শুভ্র। সর্বশেষ অমিতাভ রেজা পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রিকশা গার্ল’-এ অ্যালেন শুভ্রর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। তবে এই সময়ে অ্যালেন সবচেয়ে বেশি আলোচিত ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘দেনা-পাওনা’তে অভিনয় করে। তরুণ মেধাবী পরিচালক কে এম সোহাগ রানা পরিচালিত ‘দেনা-পাওনা’ ধারাবাহিকটির মাত্র ছয়টি পর্ব প্রচারের কথা ছিল। কিন্তু গেলো বছর শেষ প্রান্তে এই ধারাবাহিক প্রচার শুরু হবার পর দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলে। যে কারণে পরিচালক কে এম সোহাগ রানা এই ধারাবাহিকের পর্ব বাড়াতে বাধ্য হন। পরিচালকের ভাষ্য এমন যে, দর্শকের যেহেতু এই নাটকের প্রতি আরো পর্ব দেখার প্রবল আগ্রহ রয়েছে তাই গল্প আরো চমৎকারভাবে রচনা করেই রানা এই ধারাবাহিকের পর্ব বাড়ান। এরই মধ্যে এই ধারাবাহিকের বিশ পর্ব প্রচার সম্পন্ন হয়েছে। এই ধারাবাহিকে অ্যালেন শুভ্রর বিপরীতে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া। এর আগেও ছোঁয়া নাটকে অভিনয় করেছেন, তবে রানা নির্দেশিত এই ধারাবাহিকে অভিনয় করেই তিনি আলোচনায় এসেছেন। বিশেষত অ্যালেন শুভ্রর সাথে তার অভিনয়ের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। ধারাবাহিকটিতে এই দুই অভিনয় শিল্পীর সম্পর্ক বেয়াই বেয়াইন। ধারাবাহিকের পর্ব বাড়াতে অ্যালেন-ছোঁয়াসহ সবাই ভীষণ খুশি। ক’দিন আগেই আরো বেশ কয়েকটি পর্ব ধারণের কাজ শেষ হলো।

ধারাবাহিকটিতে অভিনয় করা প্রসঙ্গে অ্যালেন শুভ্র বলেন, ‘এই ধারাবাহিক প্রথম ছয় পর্ব প্রচারের কথা ছিল। কিন্তু দর্শকের কাছ থেকে অনেক বেশি সাড়া পাওয়ার কারণে পরে প্রযোজক-পরিচালক সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে এর পর্ব আরো বাড়ালে ভালো হয়। সত্যি বলতে কী দর্শক আসলে এখন গল্প বোঝেন। তারা যেকোনো গল্পের ধারাবাহিক উপভোগ করতে চান না। দেনা-পাওনা দর্শকের জীবনের সাথে সম্পর্কিত বিধায় এই গল্পের নাটকের প্রতি দর্শকের ভালোবাসা আছে, দেখার আগ্রহ আছে। আমি সত্যিই এই নাটকে অভিনয় করে খুব সাড়া পাচ্ছি। এই নাটকে যারা অভিনয় করছেন প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো করছেন।’ তাবাসসুম ছোঁয়া বলেন, ‘যখন শুনেছি এই ধারাবাহিকে আমার মূল সহশিল্পী অ্যালেন শুভ্র ভাইয়া, তখনই নিজের ভেতর উচ্ছ্বাস কাজ করছিল। পরে তার সাথে অভিনয় করে খুব ভালো লাগল। কারণ তিনি দারুণ ন্যাচারাল অ্যাক্টিং করেন। অভিনয় সম্পর্কে অনেক কিছু জানলাম, শিখলামও। অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের শ্রদ্ধেয় পরিচালক কে এম সোহাগ রানা ভাইকে। কারণ তার কারণেই মন দিয়ে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার চরিত্রটি ভালোবাসার জন্য।’ ১৫ জুন জন্ম নেয়া অ্যালেন শুভ্র অভিনীত প্রথম নাটক ছিল অমিতাভ রেজার ‘ইচ্ছে হলো’। তার অভিনীত প্রথম সিনেমা অনিমেষ আইচের ‘ভয়ঙ্কও সুন্দর’। ২ জানুয়ারি জন্ম নেয়া ছোঁয়া পড়ছেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে।