টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনের জন্য কথা ছিল চিত্রনায়িকা পরীমনির। কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। এরপর চাপের মুখে ‘হারল্যান স্টোর’ নামে এলেঙ্গার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে পরীমনির শোরুম উদ্বোধনের কথা ছিল।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে হারল্যান স্টোরের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। পরে স্থানীয়রা কয়েক দফায় বৈঠক করে অনুষ্ঠানে পরীমণির আগমন ঠেকানোর সিদ্ধান্ত নেন।
একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।
শোরুমটির মালিক মীর মাসুদ রানা বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমনি থাকার কথা ছিল।’
কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘স্থানীয়রা প্রতিবাদ করায় কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, ‘স্টোর কর্তৃপক্ষ আমার কাছে অনুমতি নিতে এসেছিল। তাদের শর্ত দেয়া হয়েছিল সেখানে কোনো যানজট বা জনদুর্ভোগ করা যাবে না। সেটা মেনেই তারা রাজি হয়েছিল। তারা প্রোগ্রামটি করতে পেরেছিল কি না, বিষয়টি জানায়নি।’





