প্রখ্যাত কথাসাহিত্যিক মরহুম হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে আলোচনায় এনেছিলেন সুমনা সোমা। এরপর থেকেই নাটক ও সিনেমায় সমানভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর নাম ‘এক রাতের বউ’। কলকাতার রণজিৎ চক্রবর্তী রচিত ‘এক রাতের বউ’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউব চ্যানেল এবিসিবাংলা টিভিতে সম্প্রতি মুক্তি পেয়েছে।

এবিষয়ে সুমনা সোমা জানান, কাজটি ভিন্ন ধরনের। একজন চোরাচালান কারবারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আর সংসারে নানা নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সমাজের নানান ঘটনা রয়েছে এর কাহিনীতে।

এমদাদুল হক খানের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান। এছাড়াও এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন স্নেহা, রুদ্র মিজান ও শরীফ সাব্বির।

এদিকে, চলতি বছর তার অভিনীত পাঁচটি ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন সোমা। ছবিগুলো হলো নারগিস আক্তারের পরিচালনায় ‘আরশী’, শহীদুল হক খানের ‘বীরাঙ্গনা’, আশরাফ শিশিরের ‘আমরা একটি সিনেমা বানাব’ ও ‘গোপন’।