চিত্রনায়িকা পরীমণিকে আটকের পর এবার আটক করা হলো বিখ্যাত পরিচালক চয়নিকা চৌধুরীকে। চয়নিকাকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে গত ৪ আগস্ট সন্ধ্যায় প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে নানা মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাকে নেয়া হয় র্যাবের সদর দফতরে। রাতভর সেখানেই থাকতে হয় পরীমণিকে। পরদিন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে র্যাব। একই দিন তাকে আদালতে পাঠিয়ে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।
এদিকে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ গণমাধ্যমকে বলেন, পরীমণি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতো, সেগুলো কাদেরকে নিয়ে করতো, কাদের সহযোগিতায় করতো, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই তার সাথে জড়িত ছিল তাদেরই গ্রেফতার করা হবে।
তিনি আরো বলেছিলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, পরীমণি অন্ধকার জগতে পা দিয়েছেন। এ পথে আসতে এক নারী তাকে সহযোগিতা করেছেন। সেই নারীকে আমরা খুঁজছি। তার বিষয়ে নজরদারিও করছি।
এদিকে, চয়নিকা চৌধুরীকে আটকের পর পরীমণির সাথে তার সম্পর্কের বিষয়টি সামনে এসেছে।
কয়েক শতাধিক নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী ‘বিশ্ব সুন্দরী’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এই ছবিতে তার অভিনয়শিল্পীরা হলেন পরীমণি ও সিয়াম আহমেদসহ আরো অনেকে। এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরীমণি। এর শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
চয়নিকা চৌধুরী ও পরীমণির মধ্যে যে সখ্য রয়েছে, তা সবারই জানা। চয়নিকা চৌধুরীকে ‘মা’ বলে সম্বোধন করে থাকেন পরীমণি।
বোট ক্লাব কাণ্ডের পর পরীমণির পাশে দেখা যায় চয়নিকা চৌধুরীকে। কিন্তু গত ৪ আগস্ট পরীমণি আটক হওয়ার পর তাকে আর পাশে দেখা যায়নি। এ বিষয়ে অবশ্য চয়নিকা গণমাধ্যমে বলেছেন, পরীমনির সাথে তার যোগাযোগ ও আড্ডা নিতান্ত পেশাগত কারণে।
গত ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীমণি অভিযোগ করেন, গত ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় সাভার থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন পরীমণি।









