মাদক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিন দফায় ছয় দিনের রিমান্ড শেষে তাকে আবারো কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে জামিন চেয়েছেন পরীমণির আইনজীবী মো: মুজিবুর রহমান।
আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ধার্য করা হয়েছিল ১৩ সেপ্টেম্বর। এবার জামিন শুনানির আদেশ চ্যালেঞ্জ করে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন পরীমণি। ওই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার দুপুরে।
বুধবার নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মুজিবুর রহমান। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদন উপস্থাপন করা হয়। পরে শুনানির সময় নির্ধারণ করা হয়।
এর আগে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন চেয়ে গত রোববার তার আইনজীবী মো: মজিবুর রহমান জামিন আবেদন করেন। এ বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।









