মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলেই দিন কাটছে বলিউডের সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ান খানের। সাথে রয়েছেন আরো পাঁচ অভিযুক্তও। এদিকে শাহরুখ পুত্রের জামিন আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাই ম্যাজিস্ট্রেট আদালত।
নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনসিপিএস) আইনের আওতায় একাধিক ধারায় অভিযুক্ত আরিয়ান ও তার সঙ্গীরা। প্রশ্ন উঠছে, কেন বারবার জামিন আবেদন খারিজ হচ্ছে আরিয়ানের?
ভারতের নগর দায়রা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক নেরিলকার জানিয়েছেন, কোনো অপরাধের জন্য তিন বছরের বেশি শাস্তি ধার্য থাকলে, ম্যাজিস্ট্রেট আদালত সেই অপরাধের জামিনের আবেদন দ্রুত মঞ্জুর করতে পারে না।
নেরিলকারের বক্তব্য, আরিয়ান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মাদক সংগ্রহ, বিক্রি এবং ব্যবহারের অভিযোগ রয়েছে। এ কারণেই সহজে জামিন মিলছে শাহরুখ-পুত্রের। ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে মাদক কারবার হয়েছে প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে তাদের।
উল্লেখ্য, গত শনিবার মুাম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ানসহ কয়েক জনকে। পরোয়ানায় লেখা হয়, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে প্রমোদতরীর টার্মিনালে।
এনসিবি-র পেশ করা অভিযোগপত্রে দাবি করা হয়, নিষিদ্ধ মাদক নিয়েই প্রমোদতরীতে ওঠেন আরিয়ান। তার বন্ধুর জুতা থেকেও মেলে মাদক। ফলে খুব সহজে বাড়ি ফিরছেন না শাহরুখ-পুত্র।
সূত্র : আনন্দবাজার পত্রিকা









