এক বিপদ যেতে না যেতেই আরেক বিপদে পড়েছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক। শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছেন নিতিন গড়াই নামের এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে— কাশিফ খান নামে এক ব্যক্তি তার জিম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। কাশিফের সাথেই ছিলেন শিল্পা ও রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। শুধু তা-ই নয়। ওই ব্যক্তিকে পুনেতে একটি স্পা ও জিম খুলে দেয়ার কথাও বলেছিলেন তারা।
কিন্তু, কোনো প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাদের সহকারী। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে উল্টো তাকে বিভিন্ন ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সূত্র : ভারতীয় গণমাধ্যম








