ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের লাশের সামনে থুতু ছিটিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান- কট্টর হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে এমন অভিযোগ উঠার পর ফুঁসে উঠেছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। তিনি দাঁড়িয়েছেন কিং খানের পাশে।

রোববার সন্ধ্যায় মুম্বাইর শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রার্থনার অংশ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন কিং খান। তাকেই কেউ কেউ থুতু বলে ভুল করায় বিতর্কের শুরু। একটি রীতি অনুযায়ী, মৃত যে ব্যক্তির জন্য ‘দোয়া’ করা হচ্ছে, তাকে লক্ষ্য করে ফুঁ দেয়া হয়। এ রীতির বিশ্বাস বলে, এতে তার থেকে অশুভ শক্তিকে দূরে সরানো যায়। রেওয়াজ মেনে লতার জন্য সেটাই করছিলেন শাহরুখ।

এমন ব্যাপারটিই মনে করিয়ে দিয়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন উর্মিলা। তিনি সমাজকে দুষে বলেছেন, ‘আমাদের সমাজের এত অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! আর এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন! রাজনীতি এত নিচে নেমেছে দেখে দুঃখ হয়।’

লতার জন্য শাহরুখের প্রার্থনার যে ভিডিওটি প্রকাশ্যে আসে, তাতে দেখা যায় ‘দোয়া’র পরে মাস্ক নামিয়ে দু’ঠোঁট সরু করলেন শাহরুখ। এর পরেই বিজেপি নেতা অরুণ যাদব প্রশ্ন তোলেন, প্রয়াত শিল্পীর লাশে কি তবে থুতু ছেটালেন শাহরুখ? নিমেষে উত্তাল হয়ে ওঠে নেটমাধ্যম। কিংবদন্তি গায়িকাকে অপমান করছেন তিনি— এমন অভিযোগ তুলে শাহরুখকে সরাসরি আক্রমণ করেন অনেকেই।

সূত্র : আনন্দবাজার পত্রিকা