আধুনিক বাংলা গানের কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
এর আগে গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ এই শিল্পী। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, শৌচাগারে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এরপরই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শ্বাসকষ্টের সাথে সাথে তার দুই ফুসফুসেই সংক্রমণ দেখা দিয়েছিলো। চিকিৎসার পর তার শারীরিক অবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছিলো।
কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তার শারীরিক জটিলতা বাড়ে।
এদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাংলা মেলোডির রানী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই, এই খবরে গভীর শোকাহত। তার প্রস্থান আমাদের সঙ্গীত জগতে এবং দেশে-বিদেশে তার লিাখ লাখ ভক্তের মনে এক স্থায়ী শূন্যতা সৃষ্টি করেছে।’
Deeply saddened that Geetashree Sandhya Mukhopadhyay, the queen of melody in Bengal, is no more. Her departure creates an eternal void in our world of music and in the hearts of millions of her followers here and in the diaspora.(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2022
এদিকে কলকাতার সংবাদমাধ্যমের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার সর্বোচ্চ সম্মান দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য করবে।
কলকাতার সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে তার লাশ কলকাতা পুরসভার ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা হতে পারে। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্ধ্যাকে রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানেই গুণমুদ্ধেরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। তারপর বিকেলে দক্ষিণ কলকাতার ক্যাওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়ায় রেল কর্মকর্তা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও হেমপ্রভা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান কিংবদন্তী এই শিল্পী। ১৯৭০ সালে জয়জয়ন্তী ও নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আধুনিক বাংলা গানকে সমৃদ্ধ করলেও সন্ধ্যা উচ্চাঙ্গ সংগীতেও বিশেষ নৈপুণ্যের পরিচয় রেখেছিলেন। চলতি বছর পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করেন কিংবদন্তি এই শিল্পী।
সূত্র : আনন্দবাজার









